জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ায় বড় শাস্তি পেতে যাচ্ছেন, এই খবর শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। এবার ডেইলি মিরর জানালো, ক্রিস্তিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নেশনস লিগ চলার সময় প্রধান কোচ জর্জ জেসুসের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ত্যাগ করেন রোনালদো। নিয়ম বলছে, এমন কাণ্ডে বড় নিষেধাজ্ঞা ও জরিমানা পেতে পারেন সিআর সেভেন। এ ঘটনায় পরবর্তী সময়ে অবশ্য দীর্ঘ এক বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো। সেই বিবৃতিতে পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পর্তুগিজ ফেডারেশনের বিধি অনুযায়ী রোনালদোকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই কাণ্ড পর্যালোচনা করছে। পরিষদ শিগগিরই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে, যা সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে। যদি সিআর সেভেনের এই শাস্তির মেয়াদ এক মাসের বেশি হয়, তবে আগামী মাসে নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্ব ফুটবলের এই তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগালকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকগুলো বিবেচনা করবে কর্তৃপক্ষ, জানা গেছে এমনটাই। ইএসপিএন অবশ্য ইঙ্গিত দিয়েছে, সর্বোচ্চ শাস্তির বদলে অপেক্ষাকৃত কম মেয়াদের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন রোনালদো।