1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

আন্তর্জাতিক বিরতি শেষে আবার ক্লাব ফুটবলের রোমাঞ্চের অপেক্ষা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক বিরতির প্রায় তিন সপ্তাহ পর ইউরোপ জুড়ে আবারও বাজতে যাচ্ছে ক্লাব ফুটবলের রোমাঞ্চকর শাঁখ। খেলা ফিরতেই চলতি উইকএন্ডে দেখা মিলবে জমজমাট সব দ্বৈরথের। মৌসুমের প্রথম হারের ক্ষত সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আর্সেনালের সামনে, অন্যদিকে ক্রমবর্ধমান চাপের মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। আর ২৫ অক্টোবরের বহু কাঙ্ক্ষিত এল ক্লাসিকোর আগে লা লিগায় ভিন্ন সমীকরণে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে চলা আর্সেনাল আন্তর্জাতিক বিরতির ঠিক আগেই খেয়েছিল বড় এক ধাক্কা। ব্রাইটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়া গানাররা শনিবার ঘরের মাঠে আতিথ্য দেবে এখনো অপরাজিত থাকা লিডস ইউনাইটেডকে। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই আর্সেনালের সবচেয়ে বড় হার, আর ক্লাবটির গত ১৫৮ ম্যাচের মধ্যে মাত্র দ্বিতীয়বার তারা তিন গোল হজম করল।

তবে মাঠে নামার আগেই গানারদের বড় দুশ্চিন্তা ইনজুরি। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন কাই হাভার্টজ ও ক্রিস্টোস জোলিস, যাদের মাঠের বাইরে থাকতে হতে পারে কয়েক সপ্তাহ। এর সঙ্গে চোট নিয়ে ইংল্যান্ড স্কোয়াড ছাড়েন এজরি কন্সাও। ফলে তিন তারকাকে পাওয়ার সম্ভাবনা নিয়েই প্রবল সংশয় রয়েছে।

এদিকে শনিবারের সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র এক জয় ও পাঁচ পয়েন্ট পাওয়া ইউনাইটেড অবস্থান করছে লিগ টেবিলের ১২ নম্বরে—শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে তারা পিছিয়ে ১০ পয়েন্টে। আরও করুণ অবস্থা স্পার্সের; মাত্র দুই পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে থাকা ক্লাবটি এখনো চলতি লিগে প্রথম জয়ের মুখ দেখেনি।

টটেনহ্যামের এমন বাজে শুরুর পেছনে নিজের দায় স্বীকার করে নিয়েছেন কোচ রবার্তো দে জেরবি। গ্রীষ্মের দলবদলে ৩০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেও দলের এমন দৈন্যদশায় খেলোয়াড়দের আরও দৃঢ়তা দেখানোর তাগিদ দিয়েছেন তিনি। রক্ষণভাগে মিকি ভ্যান ডে ভেন ও ইয়ান পল ভ্যান হেক চোট পাওয়ায় স্পার্সের সংকট আরও ঘনীভূত। বিপরীতে, গ্রীষ্মের নতুন সাইনিং কার্লোস বালেবার অবশেষে ইউনাইটেড জার্সিতে অভিষেক হতে পারে, যা কোচ মাইকেল ক্যারিকের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

স্পেনের লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করার লক্ষ্যে মাঠে নামবে বার্সেলোনা। গেটাফে এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগে গালতাসারাইয়ের মুখোমুখি হওয়ার আগে অবশ্য বড় ধাক্কা খেয়েছে ব্লউগ্রানারা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে গেছেন অধিনায়ক রাফিনিয়া। আসরে খেলা সাত ম্যাচের সবকটি জিতে ৩১ গোল করা বার্সার এই উড়ন্ত সূচনার নেপথ্যে বড় ভূমিকা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের, যিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে ১৪ গোল করে ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ সংগ্রাহক।

অন্যদিকে বার্সার চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে চার নম্বরে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিস ও আতলেতিকো মাদ্রিদের কাছে হারের ধাক্কা সামলে ক্লাসিকোর আগে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। ভিয়ারিয়ালের পর সেভিয়া, রোমা ও আরবি লাইপজিগের বিপক্ষে কঠিন সূচির মুখে পড়তে যাওয়া রিয়াল কোচ হোসে মরিনিয়ো ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন। চোট কাটিয়ে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে একাদশে ফিরতে পারেন, তবে ফেদেরিকো ভালভেরদের খেলা নিয়ে সিদ্ধান্ত হবে ম্যাচ শুরুর ঠিক আগে।

ইতালিয়ান সেরি আ-তে পারমাকে আতিথ্য দেবে শীর্ষে থাকা ইন্টার মিলান। আর সমান ১৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা রোমা রবিবার আতিথ্য নেবে চমৎকার ফর্মে থাকা সেস্ক ফাব্রেগাসের কোমো দলের। অন্যদিকে জার্মানির বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকা বায়ার্ন মিউনিখ শনিবার লড়বে অগসবার্গের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ