দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সংশ্লিষ্ট সেবাগুলো সমন্বিত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত এক বিশেষ পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। বৈঠকে অংশ নেন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির দায়িত্বশীল কর্মকর্তারা। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন। অপ্রয়োজনীয় প্রশাসনিক ধাপ ও সময় কমিয়ে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তিনি।
তিনি উল্লেখ করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য সেবা প্রদান ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে হবে। ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সব সেবাকে পর্যায়ক্রমে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় এনে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে অংশ নেওয়া সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার আধুনিকায়নে করণীয় নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।