একই স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষেও দুটি টেস্ট খেলবে আফগানিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
টেস্ট ক্রিকেটে আপাতত বাইরেই থাকছেন রাশিদ খান ও ইব্রাহিম জাদরান। ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও এই দুইজনকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বৃহস্পতিবার দল ঘোষণার বিবৃতিতে বলেছে, তাদের চিকিৎসা-সংক্রান্ত বিষয় মূল্যায়নের পর দুজনকেই দীর্ঘ সংস্করণে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে রাশিদ বলেছিলেন, টেস্ট ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন তিনি। পরে গত জুনে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তারকা লেগ স্পিনারকে বিশ্রাম দেওয়া হয়। ওই সময় পায়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকায় স্কোয়াডে ছিলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান ইব্রাহিম।
জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলও দিয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও একইসঙ্গে ঘোষণা করেছে তারা। এই দুই স্কোয়াডে অবশ্য আছেন রাশিদ ও ইব্রাহিম।
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান শাহিদউল্লাহ কামাল ও পেসার ইয়ামিন আহমাদজাই। চলমান আহমাদ শাহ আব্দালি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭৬.৮৫ গড়ে ৫৩৮ রান করেছেন শাহিদউল্লাহ। আর ইয়ামিন ১২.৭৩ গড়ে নিয়েছেন ৪২ উইকেট। এই আসরে রান সংগ্রাহক ও উইকেটশিকারির তালিকায় এখন দুইজনই শীর্ষে।
তাদের পাশাপাশি টেস্ট দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার ইসমাত আলামকে। চোটের কারণে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা অভিজ্ঞ বাঁহাতি স্পিনার জিয়া উর রাহমানও ফিরেছেন টেস্ট দলে। লেগ স্পিনার খালিল গুরবাজকেও ফেরানো হয়েছে।
মিডল অর্ডার ব্যাটসম্যান দারভিশ রাসুলি সাদা বলের দুই সংস্করণের দল থেকেই বাদ পড়েছেন। টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মাদ নাবির। এশিয়ান গেমস ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মোহাম্মাদ আকরাম ডাক পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজের দলে।
টি-টোয়েন্টি দলেও আছেন শাহিদউল্লাহ। ভারতের বিপক্ষে খেলা সবশেষ সিরিজে রিজার্ভ হিসেবে থাকা ফারিদ আহমাদ মালিক এবার জায়গা পেয়েছেন মূল দলে।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর শুরু বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু ১৭ অক্টোবর। ফাইনাল ২৩ অক্টোবর।
২৭ অক্টোবর শুরু জিম্বাবুয়ে-আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই দলের প্রথম টেস্ট শুরু ৫ নভেম্বর ও দ্বিতীয়টি ১৩ নভেম্বর।
আফগানিস্তান টেস্ট দল: রেহমাত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল, আফসার জাজাই, সেদিকউল্লাহ আতাল, আব্দুল মালিক, হাশমাতউল্লাহ শাহিদি, রাহমানউল্লাহ জাদরান, শাহিদউল্লাহ কামাল, ইসমাত আলাম, কাইস আহমাদ, জিয়া উর রাহমান আকবার, খালিল গুরবাজ, মোহাম্মাদ সালিম সাফি, জিয়া উর রহমান শারিফি ও ইয়ামিন আহমাদজাই।
আফগানিস্তান ওয়ানডে দল: রেহমাত শাহ (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমাতউল্লাহ শাহিদি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, নানগিয়ালিয়া খান, এএম গাজানফার, বিলাল সামি, জিয়া উর রাহমান শাফিরি, ফাজালহাক ফারুকি ও ইয়ামিন আহমাদজাই।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, নুর রাহমান, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মাদ আকরাম, শাহিদউল্লাহ কামাল, এজাজ আহমাদজাই, আজমাতউল্লাহ ওমারজাই, আবদুল্লাহ তারাখিল, রাশিদ খান, নুর আহমাদ, মুজিব উর রাহমান, ফাজালহাক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও ফারিদ আহমাদ মালিক।
ভাঙচুর, দখল: ভাবমূর্তি ও জনআস্থার সংকট
৪৭-এর পাকিস্তানপ্রত্যাখ্যান ও ৭১-এর বাংলাদেশবিরোধিতা: জামায়াতের রাজনৈতিক স্ববিরোধ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি