| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ
চট্টগ্রাম উইজার্ডের উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ‘ব্যাটল অব ব্যাচেস সিজন–৫’ গত ৯ অক্টোবর নোমান কলেজ মাঠে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. সওয়েব উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইউসুফ খান রাজীব এবং মো. ইলিয়াস।
এবারের আসরে ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের ১২টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঢাকার দুটি দলও রয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম পর্বে ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের লড়াই শেষে সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। এরপর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের আসরের চ্যাম্পিয়ন।
চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপুর সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। সমন্বয়কের দায়িত্বে রয়েছেন সংগঠনের সহ–সভাপতি সাইফুর জামান।