আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ শেষে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশ আর আফগানিস্তানের সঙ্গে খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ।
আজ শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন লিটন দাস। আগেই নতুন করে তাকে ওয়ানডের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল।
চোটের কারণে ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না পেসার নাহিদ রানার। জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠেননি তিনি। তার অনুপস্থিতে বাংলাদেশের পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামরা।
বাংলাদেশের স্কোয়াডের বড় চমক মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। সদ্য সমাপ্ত এশিয়ান গেমস দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে আলিসের। এবার ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। আলিসের সঙ্গে স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ত্রিদেশীয় সিরিজেও জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ২১ অক্টোবর। ফাইনাল হবে ২৩ অক্টোবর
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।