বাগেরহাট জেলা কারাগারে নাশতা খাওয়ার সময় শ্বাসনালিতে খাবার আটকে চান মিয়া ফকির নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। চানমিয়া বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
জেল সুপার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সকালে নাশতা খাওয়ার সময় চান মিয়ার শ্বাসনালিতে খাবার আটকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে চান মিয়াকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।