ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া লাইনচ্যুতের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ছাড়া দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন রেলকর্মীরা। দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.