মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরন্তন দ্বন্দ্বের মাঝে এবার নতুন করে সুর তুললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফিলিপে মেলো। ব্যালনের ডি’অর জয়ের দৌড়ে লিওনেল মেসিকেই নিজের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন সাবেক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কেবল ব্যালন ডি’অর নয়, রোনালদোর সঙ্গে মেসির মূল পার্থক্যের জায়গাটিও বেশ স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি।
মেসির হাতে ব্যালন ডি’অর ওঠার পক্ষে যুক্তি দিতে গিয়ে মেলো জানান, রাফিনিয়া বার্সেলোনার হয়ে ভালো মৌসুম কাটালেও বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের হয়ে তেমন প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে প্রচুর গোল করলেও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। আবার স্পেনের লামিন ইয়ামালের পারফরম্যান্সও মেসির বিশ্বকাপের পারফরম্যান্সের স্তরের মতো ছিল না। মেলোর মতে, বিশ্বকাপ ও ক্লাব ফুটবল মিলিয়ে অসাধারণ মৌসুম কাটানো মেসিই আবার ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য দাবিদার।
মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে মেলো জানান, তিনি পেলে বা জিকোকে খেলতে দেখেননি। তবে নিজের জীবনে দেখা রোনালদো ‘ও ফেনোমেনো’, রোনালদিনহো, জিনেদিন জিদান কিংবা রোনালদোর মতো কিংবদন্তিদের ভিড়ে মেসিকেই তিনি সর্বকালের সেরা বলে মনে করেন।
মেসি ও রোনালদোর তুলনা করতে গিয়ে মেলো জানান, ৪১ বছর বয়সেও রোনালদোর শরীরচর্চা ও পেশাদারিত্ব তাকে মুগ্ধ করে। তবে বর্তমান সময়ে দুজনের খেলার ধরনে বড় পার্থক্য স্পষ্ট। তরুণ বয়সে রোনালদো একাই সব পারতেন, তবে বর্তমানে তিনি এমন এক পর্যায়ে আছেন যেখানে সুযোগ তৈরির জন্য তাকে দলের ওপর নির্ভর করতে হয়। অন্যদিকে মেসির ক্ষেত্রে তেমনটা নয়। ম্যাচ কঠিন বা আটকে গেলে মেসি নিজেই নিচে নেমে আসেন এবং সতীর্থদের দিয়ে গোল করান। আর ঠিক এই কারণেই মেসিকে রোনালদোর চেয়ে একধাপ এগিয়ে ও সম্পূর্ণ একজন ফুটবলার হিসেবে দেখেন তিনি।