বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবেট্রি শো ‘কফি উইথ করণ’।
যে শোয়ের কাণ্ডারি ভারতীয় হিন্দি সিনেমার পরিচালক-প্রযোজক করণ জোহর।
করণের জনপ্রিয় শোটিতে অতিথি হয়ে এসে অনেক তারকার মান-অভিমান ভেঙেছে, দ্বন্দ্ব বেঁধেছে, মুখ দেখাদেখি বন্ধ হয়েছে, তাদের হাঁড়ির খবর ফাঁস হয়েছে, এমনকি প্রেমও হয়েছে একে অপরের মধ্যে।
সঞ্চালক করণের ব্যাঙ্গাত্মক প্রশ্নবাণে বহু তারকা ধরাশায়ীও হয়েছেস। গেল ২২ বছর বছর এই শোয়ের দর্শক তৈরি হয়েছে ভারত ছাড়িয়ে বিদেশেও।
অবশেষে জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর যাত্রা শেষ হতে চলেছে বলে জানিয়েছেন করণ।
এনডিটিভি জানিয়েছে, ‘কফি উইথ করণ’ এর নবম সিজন চলছে। করণের অকপট স্বীকারোক্তি, “আমার শোয়ে এমন অনেক কিছুই ঘটেছে। দেশে বড় বড় কত তারকার ক্যারিয়ার যে শেষ হতে বসেছে অনুষ্ঠানে এসে।”
আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে দেখা যাবে শোয়ের অন্তিম মৌসুম।
করণ বলেন, “বিনোদন জগতে আমার পরিচয়ের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ' কফি উইথ করণ '। এখনও বিশ্বাস করতে পারছি না যে ২২ বছর হয়ে গেছে।”
সামনের দিনগুলোয় সিনেমা পরিচালনায় নিজেকে ব্যস্ত রাখতে চান করণ।
তিনি বলেন, “জীবনের বাকি সময় সিনেমা বানাবো। আরও অনেক গল্প বলে কাটাতে চাই। তাই ভারাক্রান্ত হৃদয়ে এই মৌসুমটিকেই শেষ মৌসুম হিসেবে ঘোষণা করছি।"
এই সিদ্ধান্তকে 'আবেগপূর্ণ ও ব্যক্তিগত' আখ্যা দিয়ে করণ এও স্বীকার করেছেন যে, এই শো-টি তার কাছে কী অর্থ বহন করে।
"যে সোফাটি আলাপচারিতা, অকপটতা এবং বিতর্কের সমার্থক হয়ে উঠেছে, সেখানে এটাই হবে আমার শেষবার বসা। এই সিদ্ধান্তটি আমার জন্য আবেগপূর্ণ এবং ব্যক্তিগত।
“তবে আমি আশা করছি, এই অনুষ্ঠানটি আমাকে যা দিয়েছে, তা মানুষের হৃদয়ে অনুরণিত হতে থাকবে।”
এক ভিডিও বার্তায় করণ বলেন, “ভালোমন্দ, সব কিছুর মধ্যেও দর্শকেরাই সব সময়ে পাশে থেকেছেন। আমাদের সঙ্গে হেসেছেন, তর্ক করেছেন, সমালোচনা করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা, বার বার ফিরে এসেছেন। তাই বিদায়টা আবেগের।
“তবে একই সঙ্গে মনে হচ্ছে, এটাই সঠিক সময়। শেষ সিজনে সেই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে শেষ বারের মত কফির কাপ তুলতে চাই, যারা এই অনুষ্ঠানকে এতটা ভালোবাসা দিয়েছেন। তাই আসুন, শেষ বারের মত আমার সঙ্গে এক কাপ কফি খান।”
প্রকাশিত ভিডিওতে নিজের দীর্ঘ সফরের কথা বলতে গিয়ে করণ বলেন, ২০০৪ সালের জুন মাসে তিনি তার বাবাকে বলেছিলেন, একটি আড্ডার অনুষ্ঠান করতে চান।
তার কথায়, “বাবা বলেছিলেন, ‘করণ তুমি তো তোমার বন্ধুদের ডাকবে! তাদের সঙ্গে এমনিতেই যে কথা বলো, সেটাই করবে। তার জন্য আবার কে তোমাকে টাকা দেবে?’” সেই বছরেই ২৬ জুন প্রয়াত হন করণের বাবা।
তার দুমাস পর ১৬ অগাস্ট অনুষ্ঠানের শুটিং শুরু হয়। করণ বলেন, “আজ আটটি সিজন, ২২ বছর এবং ১৬১টি পর্ব পেরিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই সময়ে অনেক কিছু ঘটেছে। প্রেমিক-প্রেমিকাকে ডেকেছি, বন্ধুদের ডেকেছি, পরিবারকে ডেকেছি। এমন প্রেমিক-প্রেমিকাকেও ডেকেছি, যারা পরে প্রাক্তন হয়েছেন। কেউ কেউ আবার বিয়েও করেছেন।”
স্টার ওয়ার্ল্ডে 'কফি উইথ করণ' প্রথম শোয়ে অতিথি হিসেবে ছিলেন শাহরুখ খান ও কাজল। প্রথম সিজনে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে এসেছিলেন।
নবম সিজনে কারা অতিথি হবেন, তা ফাঁস করেননি সঞ্চালক।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি
সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?