উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপটি আজ সকালে কিয়াকতোর কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পর্যায়ক্রমে আরও দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেটে তাপমাত্রা সামান্য কমলেও অন্যান্য স্থানে তা অপরিবর্তিত থাকবে।
১ ও ২ অক্টোবর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩ অক্টোবর চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।