দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাংলাদেশি ইলিশ বিদেশে পুনঃরপ্তানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিস পাঠান।
নোটিসে বলা হয়েছে, জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। অথচ বর্তমানে দেশের স্থানীয় বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এতে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।
নোটিসে অভিযোগ করা হয়েছে, স্থানীয় বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে। এতে দেশের আভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তা স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে দাবি করা হয়।
এতে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানির পর ভারতীয় কিছু আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে বেশি দামে পুনঃরপ্তানি করে বিপুল মুনাফা করছে।
নোটিসে আরো বলা হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন থাকলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে না করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে প্রকৃত আন্তর্জাতিক মূল্যে সরাসরি ইলিশ রপ্তানির জন্য স্বচ্ছ ও কার্যকর নীতিমালা গ্রহণ করা যেতে পারে।
এতে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে যেকোনো প্রশাসনিক উদ্যোগ, নির্বাহী অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা, দেশের বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার উদ্যোগ নেওয়া এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে।