1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

এশিয়ান গেমসে সোনার পদক জয়ের লক্ষ্য নিয়ে পূর্ণ শক্তির দল পাঠিয়েছে বাংলাদেশ। তবে ছেলেদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠেই নামতে হলো না টাইগারদের। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় কোনো বল না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

টানা বৃষ্টিতে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে ম্যাচ বাতিল হলেও এতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বাংলাদেশের ওপর। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনাল পার করে সরাসরি শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগেই বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। আবহাওয়ার পূর্বাভাস এবং আগের দিনের পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়।

টসের নির্ধারিত সময়ের আগেই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দীর্ঘ অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ব্যাটিং কিংবা বোলিং- কোনোটিতেই নামার সুযোগ পায়নি দুই দল।

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টির কারণে এবার একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে এটি টানা ষষ্ঠ ম্যাচ, যেটি বৃষ্টির কারণে বাতিল হলো। এর মধ্যে পাঁচটি ম্যাচেই একটি বলও মাঠে গড়ায়নি।

বাংলাদেশের জন্য অবশ্য ম্যাচটি পরিত্যক্ত হওয়া শেষ পর্যন্ত স্বস্তির খবর হয়ে এসেছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে খেলার সুযোগ পায়। সেই হিসাবে মালয়েশিয়ার চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশই পেয়েছে শেষ চারের টিকিট।

অর্থাৎ এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচ খেলেই সেমিফাইনালে ওঠার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে না নেমেই পরের ধাপে চলে গেল বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

তবে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে নতুন করে শঙ্কাও তৈরি হয়েছে। কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং কোনো বল মাঠে গড়ানো সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি বাংলাদেশের জন্য কঠিন হয়ে উঠবে। কারণ, সে ক্ষেত্রে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে পাকিস্তান। ফলে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে উঠে যাবে পাকিস্তান।

তাই ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামলে বাংলাদেশকে শুধু পাকিস্তানের বিপক্ষেই লড়তে হবে না, নজর রাখতে হবে আবহাওয়ার দিকেও। এশিয়ান গেমসের ক্রিকেটে এখন পর্যন্ত যেভাবে বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে, তাতে সেমিফাইনালের আগে সেটিই হয়ে উঠেছে বাংলাদেশের জন্য বাড়তি চিন্তার কারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ