1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

আওয়ামী লীগকে রাজপথে সংঘাতের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে নাশকতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি ও গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তার মানে এই নয় যে, আমরা তাদের সঙ্গে মুখোমুখি মারামারি করতে যাব।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের যে লক্ষ্য—বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—আজকে তা পুনঃপ্রতিষ্ঠার সূচনা করতে পেরেছি।’

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের পতনের মধ্য দিয়ে আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। হয়তো কেউ কেউ বলবেন, তিনি স্বেচ্ছায় গেছেন। কিন্তু এত দিন তো স্বেচ্ছায় যাননি। আন্দোলনের মুখে এবং জনগণের স্রোতের মুখেই তাকে চলে যেতে হয়েছে।’

আওয়ামী লীগের অনেকে চলে গেলেও তাদের ‘চরিত্র ধারণকারী’ কিছু লোক এখনো দেশে রয়েছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘মাঝে মাঝে তাদের কর্মকাণ্ডের আলামত দেখা যায়। জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হচ্ছে। কোথাও কোথাও ভোরবেলায় ককটেল ফাটানো ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে।’

দেশবাসীকে আশ্বস্ত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জাতীয়তাবাদী দলের সব স্তরের নেতাকর্মীরা জনগণের পক্ষে রয়েছেন। গণতন্ত্রের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হতে দেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।’

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের উল্লেখ করে তিনি বলেন, যারা গোপনে বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

গয়েশ্বর বলেন, ‘যারা গোপনে নানা ধরনের কর্মকাণ্ড ও নাশকতায় ব্যস্ত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। জনগণের নিরাপত্তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ