নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তাওহীদুল ইসলাম তাওহীদ এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
এনসিপির নারায়ণগঞ্জের প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা দ্য ডেইলি স্টারকে বলেন, বক্তাবলী বাজারে স্থানীয় এক নেতার বাড়িতে এনসিপির নেতারা সাংগঠনিক সভা করেন। সভায় জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্থানীয় লোকজনের সঙ্গেও বাজারে কথা বলেন এনসিপির নেতারা। এ সময় স্থানীয়রা বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে অভিযোগ করেন।
‘মাটি কাটা নিয়ে তখন এনসিপির নেতারা প্রতিবাদ জানিয়ে বক্তব্যও দেন। বক্তব্য দেওয়ার জেরেই দেশি অস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। হামলায় তাওহীদুল গুরুতর আহত হন। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন’, বলেন লুবনা।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তার ছোট ভাই ইয়াসিন ও অনুসারীরা হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন এনসিপির নেতারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা হালিম আজাদ।
ডেইলি স্টারকে তিনি বলেন, এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদ আহত হয়েছেন বলে জেনেছি। কিন্তু এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত না। কার সঙ্গে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি খোঁজ করছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শামীম হোসেন ডেইলি স্টারকে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলার ঘটনায় এনসিপির স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিন সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘নারায়ণগঞ্জের বক্তাবলীতে শান্তিপূর্ণ মিটিংয়ে এনসিপির নেতা তাওহীদসহ নেতাকর্মীদের ওপর বিএনপি সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার জবাব নেওয়া হবে। হামলাকারী বিএনপি নামধারী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে সমস্ত দায়-দায়িত্ব প্রশাসন ও সরকারি দলকে নিতে হবে।’