২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি করবে দলটি, যেটির প্রধান করা হয়েছে মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দেশের ৬৪ জেলায় কমিটি গঠন শেষে এখন উপজেলা পর্যায়ে কমিটি করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠন শেষ করার সিদ্ধান্ত হয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে।
সোমবার এ বৈঠক হওয়ার তথ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেছেন, জেলা পর্যায়ের কমিটি গোছানোর পর এখন নজর দেওয়া হচ্ছে উপজেলায়। অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি করার পরিকল্পনা করা হয়েছে।
বৈঠকে দলের ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যেটির প্রধান করা হয়েছে মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে।
এ উপ কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুইজন উপ-প্রধান থাকবেন, প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক থাকবেন।
বৈঠকের পর বিকালে এনসিপির মিডিয়া দলের সদস্য ইয়াসির আরাফাত বলেন, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতি, দেশব্যাপী নৈরাজ্য ও দখলবাজিতে’ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংবিধান সংশোধন নিয়ে সরকারি দলের পদক্ষেপের সমালোচনা করেন নেতারা। তারা বলেছেন, গণভোটের গণরায় অগ্রাহ্য করে প্রহসনমূলক সংবিধান সংশোধন কমিটি গঠন করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নেতারা।
এছাড়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বন্টনের রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে বলে বৈঠকে অবহিত করা হয়।
ইয়াসির আরাফাত বলেন, শিগগির এ বিষয়ে দলের তরফে ঘোষণা আসবে।
বৈঠকে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা করার জন্য দলের নেতা সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আলামিন, আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদীব, মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, সালেহউদ্দিন সিফাত, আকরাম হোসাইন সিএফ।
মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না
ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত
রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি
রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই