অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে। এ বিষয়ে গতকাল রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর ওয়েবসাইট বন্ধ ও গুগল প্লে স্টোর থেকে সংশ্লিষ্ট অ্যাপ সরিয়ে নিতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তাদের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা দিলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
শনাক্ত হওয়া ২২ প্ল্যাটফর্ম হলো—বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ২২ প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১৯টির ওয়েবসাইটে বিকাশ, নগদ, রকেট, বাংলা কিউআর ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা দেওয়া হচ্ছিল।
পেমেন্ট অ্যাগ্রিগেটর হলো এমন প্রতিষ্ঠান, যার মাধ্যমে ব্যবসায়ীরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে ডিজিটাল পেমেন্ট নিতে পারেন। তবে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নিয়মিত নজরদারির বাইরে থাকায় গ্রাহকের অর্থ ও তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।