বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারি চালুসহ চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চীনের ইউনান প্রাদেশিক সরকার ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে রোববার (২৭ সেপ্টেম্বর) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিএমইউতে তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে চীনা প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এসময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের অর্জন ও অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে এবং এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ কিয়াং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এ সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমে সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে। বিএমইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিএমইউর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরো এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বৈঠকে রোবটিক সার্জারিসহ আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, চিকিৎসক প্রশিক্ষণ, গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবায় দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে চীনের ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি প্রফেসর লি জিয়ংমিংসহ ১৬ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সভায় বিএমইউর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চীনা প্রতিনিধিদল বিএমইউর বহির্বিভাগ পরিদর্শন করেন। এসময় উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে বিদ্যমান সহযোগিতা আরো জোরদার এবং যৌথ উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।