রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দ্বিতীয় দিনে গড়িয়েছে। এতে রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা।
রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, দুর্গাপূজার ছুটির কারণে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি আগেই কমে গিয়েছিল। এর মধ্যে চলমান কর্মবিরতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসক প্রায় পাওয়াই যাচ্ছে না।
আজ কয়েকজন রোগী অভিযোগ করেছেন, গতকাল বিকেল থেকে তারা ওয়ার্ডে কোনো চিকিৎসক খুঁজে পাননি। তারা জানান, নার্সরা তাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে চিকিৎসকেরা কখন আসবেন, সে বিষয়ে নার্সরা কিছু বলতে পারছেন না।
রোগীদের আরও অভিযোগ, হাসপাতাল থেকে ওষুধ ও চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম না পেয়ে তাদের বাইরে থেকে সেগুলো কিনতে হচ্ছে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অপরিচ্ছন্নতার কারণে দুর্গন্ধ ছড়িয়েছে। এতে ভর্তি রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। কোনো কোনো রোগীর অভিযোগ, নার্সরা তাদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
তবে হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শেখ শামীম আহমেদ বলেছেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ মধ্যম ও জ্যেষ্ঠ পর্যায়ের অনেক চিকিৎসকের ছুটি বাতিল করেছে। তিনি আরও জানান, ওই চিকিৎসকেরা হাসপাতালে এসে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহসহ পাঁচ দফা দাবিতে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেননি। এ বিষয়ে আলোচনার জন্য তারা হাসপাতালের পরিচালক ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করছিলেন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.