খুলনা নগরীতে মো. তুষার (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় লাশের পাশে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি আর১৫ মোটরসাইকেল ছিল।
মৃত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশের দাবি, তুষার খুলনার অন্যতম সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যাসংক্রান্ত মামলা রয়েছে।
খুলনা থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকায় খাদিমুল উলুম মাদ্রাসার সামনে রক্তের দাগ দেখা গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, সেখানে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন পড়ে যান। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসেন বলে ওই সূত্রের দাবি।
সূত্রটির ভাষ্য, আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পিঠে গুলি লাগে।
খবর পেয়ে খুলনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেয়। তবে হত্যাকাণ্ডের কারণ, হামলাকারীদের পরিচয় এবং মাদরাসার সামনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুষার হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।