কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় মুমূর্ষু অবস্থায় এক পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আর দুই পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলেমান হোসেন।
প্রাথমিক অবস্থায় নিখোঁজ ও হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
এসআই সোলেমান জানান, হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক গোসেলে নামেন। এ সময় তারা কয়েকজনকে স্রোতের টানে ভেসে যেতে দেখেন। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা ৪ জনকে উদ্ধার করলেও ঘটনাস্থলে তিনজন মারা যান। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আরও দুইজন বা তারও বেশি নিখোঁজ রয়েছে। এদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিসের লাইফ গার্ড।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.