পুলিশ জানায়, ছাত্রদল নেতার সঙ্গে থাকা আরও ১০ থেকে ১২ জন পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে এক যুবলীগ নেতাকে অপহরণের ঘটনায় জেলা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
আটক জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য। তার বাড়ি রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা গ্রামে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শহরের ঝুমুর মোড়ের একটি বাস থেকে কয়েকজন হেলালকে নামিয়ে নিয়ে যান। পরে তাকে শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় জামালকে আটক করা হয়।
ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও ১০ থেকে ১২ জন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, হেলালের ভাষ্য অনুযায়ী, তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর করা হয়।
তিনি বলেন, আটক জামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, জামালকে আটকের কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানেন না।
তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ
আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি
আফিম থেকে ইয়াবা: মিয়ানমারের মাদক-যুদ্ধে ভুক্তভোগী বাংলাদেশ
আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?