একজন আর্জেন্টিনার হয়ে বছরের পর বছর ধরে লিখেছেন নিজের দেশের ফুটবল ইতিহাস, অন্যজন পর্তুগালের জার্সিতে গড়েছেন নিজের অমর অধ্যায়। মাঠে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যত গল্প, তার বাইরেও একে অন্যের প্রতি ছিল গভীর সম্মান। সেই দীর্ঘ ফুটবলযাত্রার এক বিশেষ মুহূর্ত আবারও সামনে এলো মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ ম্যাচের পর।
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার একদিন পর লিওনেল মেসির ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, দেশের হয়ে লড়াই এবং অর্জনের জন্য মেসিকে সম্মান জানিয়ে পর্তুগিজ তারকা লেখেন, ‘লিও, এত বছর তোমার দেশের হয়ে লড়াই করেছ এবং এমন একটি গল্প লিখেছ, যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। আলিঙ্গন।’
রোনালদোর এই বার্তা প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে মন্তব্যটিতে ১০ হাজারের বেশি লাইক পড়ে। পাশাপাশি জমতে থাকে হাজারো প্রতিক্রিয়া।
৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার (৬ অক্টোবর) পূর্ণ গ্যালারির মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। বিদায়ী ম্যাচটিও নিজের মতো করেই স্মরণীয় করে রাখেন তিনি। একটি গোল করার পাশাপাশি করেন দুটি অ্যাসিস্ট।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি বিদায় নিয়েছেন আরও বেশ কিছু রেকর্ড নিজের করে। জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হিসেবেই শেষ করেছেন তার আন্তর্জাতিক অধ্যায়।
অন্যদিকে, মেসির বিদায়ের সময় রোনালদোর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল আলোচনা। পর্তুগালের ক্যাম্প ছাড়ার পর তার অবসর নিয়ে নানা জল্পনা শুরু হলেও পরে রোনালদো পরিষ্কার করে জানান, এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন না তিনি।
বরং সামনে নিজের দেশের জার্সিতে ‘এক বা একাধিক বিদায়ী ম্যাচ’ খেলার সম্ভাবনার কথাও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
একজনের আন্তর্জাতিক অধ্যায় শেষের পথে, অন্যজনের পথও ধীরে ধীরে শেষের দিকে। কিন্তু ফুটবল ইতিহাসে মেসি ও রোনালদোর এই দীর্ঘ পথচলা, প্রতিদ্বন্দ্বিতা এবং একে অন্যের প্রতি সম্মানের গল্প হয়তো আরও বহু বছর ধরে বেঁচে থাকবে।