শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালিতে শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী নুসরাত। আরও জানা গেছে, বালিতেই শুটিং হচ্ছিল। শুটিং ফ্লোরে হঠাৎ করেই আঘাত লাগে তার। পরে সেখানেই একটি হাসপাতালে ভর্তি করা হয়। আর চিকিৎসার জন্য কয়েকদিন সেখানে থাকতে হবে অভিনেত্রীকে।
কয়েক দিন আগেও বালি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছিলেন নুসরাত। সেখানে শুটিংয়ের কাজেই তিনি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমায় অভিনয়ের খবরও সামনে এসেছে। তবে বালিতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি ওই সিনেমার শুটিংয়ের সময়ই ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পশমিনা রোশন, অভিষেক ব্যানার্জি ও এলভিশ যাদবকে।
তবে এই প্রথমবার নয়, এর আগে ২০১৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন তিনি। পরে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাকে। ‘ছোরি ২’-এর শুটিংয়েও মুখে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। এ ছাড়া ২০২১ সালে ‘লভ রঞ্জন’-এর শুটিং চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কাজে ফিরেছিলেন তিনি।
এবার বালিতে শুটিংয়ের সময় দুর্ঘটনার পর নুসরাতের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।