দীর্ঘ দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার কলিন ইনগ্রাম। ৪১ বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতেও সফল ক্যারিয়ার গড়া ইনগ্রামের সর্বশেষ দল ছিল ইংলিশ কাউন্টি ক্লাব গ্ল্যামারগন।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে গ্ল্যামারগনের হয়ে খেলছিলেন ইনগ্রাম। কার্ডিফে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ম্যাচে সর্বশেষ মাঠে নামেন তিনি। ওই ম্যাচে ব্যাট হাতে করেন ১৯ ও ৫ রান। এর আগে গ্ল্যামারগনের হয়ে তিন ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৭২ রান।
তবে শেষ দিকে কিছুটা ছন্দ হারালেও পুরো মৌসুমে ইনগ্রামের পারফরম্যান্স খারাপ ছিল না। ১২ ম্যাচে ৩১.৪০ গড়ে তিনি করেছেন ৬২৮ রান।
অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনগ্রাম লিখেছেন, ‘পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার দিনটি অবশেষে এসে গেছে।’
নিজের ক্রিকেটযাত্রার কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘লাজুক এক কৃষক পরিবারের ছেলে স্বপ্ন দেখত, যে খেলাটিকে সে ভালোবাসে, সেটি খেলবে। ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন সেই স্বপ্ন বেঁচে থাকার সৌভাগ্য হয়েছে আমার। আমি খেলাটিকে ভালোবাসি এবং যতটা সম্ভব সেরা হওয়ার চেষ্টা করেছি। একই সঙ্গে চ্যালেঞ্জ, সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব এবং মাঠের বাইরের সময়টাও উপভোগ করেছি।’
ছোটবেলা থেকেই ক্রিকেট এবং বিশেষ করে ব্যাটিংয়ের প্রতি তার আলাদা আকর্ষণ ছিল বলেও জানিয়েছেন ইনগ্রাম। ব্যাটিংকে নিজের শিল্পের সঙ্গে তুলনা করে তিনি বলেন, যখন ব্যাটিং ছন্দে থাকে, তখন সবকিছু ধীর হয়ে আসে এবং খেলাটিকে তার কাছে সবচেয়ে স্বাভাবিক ও সহজাত বিষয় বলে মনে হয়।
ইনগ্রামের ভাষায়, ‘এটা আমার শিল্পের মতো, আর ব্যাট আমার তুলির মতো। তখন অনুভূতিটা অসাধারণ। কিন্তু যখন কাজটা ঠিকমতো হয় না, তখন ব্যাপারটা পুরোপুরি বিপরীত- অগোছালো, তাড়াহুড়োর এবং ভীতিকর। আমার কাছে কৌশলটা হলো বারবার ফিরে আসা, আশাবাদী থাকা এবং দলের জন্য অবদান রাখার চেষ্টা করা।’