ম্যাড থেটার প্রযোজিত ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটি সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এনএসডি আয়োজিত ভারত রঙ মহোৎসবে দিল্লিতে প্রদর্শিত হয়। দিল্লির পর নাটকটি আবার ফিরছে ঢাকার মঞ্চে। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটির পর পর দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একক চরিত্রের নাটকটিতে অভিনয় করেন আর্য মেঘদূত, যিনি মূলধারার বাংলানাট্যের সর্বকনিষ্ঠ একক নাটকের অভিনেত্রী। বর্তমানে তিনি ফুল ফান্ডেড স্কলারশিপে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়নরত। ২০২৪ সালে তিনি দেশ ছাড়ার পর নাটকটির মঞ্চায়ন স্থগিত হয়ে যায়। সম্প্রতি দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে ছুটিতে দেশে অবস্থানকালে তিনি নাটকটির দুটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিবেন। ফলে দীর্ঘ দুই বছর পর ঢাকার দর্শকরা নাটকটির নবম ও দশম প্রদর্শনী দেখার সুযোগ পাচ্ছেন। আর্য মেঘদূত অভিনীত নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০২১ সালের অক্টোবর মাসে যখন মেঘদূত ক্লাস টেনের ছাত্রী। এ যাবৎ নাটকটির ৮টি প্রদর্শনী হয়েছে। এর মধ্যে নাটকটি পৃথিবীর বিখ্যাত নাট্য উৎসব এনএসডি আয়োজিত ভারত রঙ মহোৎসব ২০২৪ এ বাংলাদেশের অন্যতম নাটক হিসাবে ভারতের ডিব্রুগড় ও দিল্লিতে ২টি প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের প্রশংসা ধন্য হয়। এছাড়া গৌহাটিতে আন্তর্জাতিক নাট্য উৎসবেও অংশগ্রহণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত ম্যাড থেটারের প্রযোজনাটি একক নাটক হিসাবে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশেই মঞ্চস্থ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ম্যাড থেটার।