: প্রখ্যাত পরিচালক নীতেশ তিওয়ারির বহুল আলোচিত দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে সীতা চরিত্রে অভিনয় করার পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তবে সমস্ত সমালোচনাকে পাশ কাটিয়ে এবার অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন তার সহ-অভিনেতা ও দক্ষিণী সুপারস্টার ধানুশ।
সাই পল্লবীর অভিনয়ের মুন্সিয়ানা ও ব্যক্তিত্বের প্রশংসা করে ধানুশ বলেছেন, “সারা ভারতে খুঁজলেও তাঁর মতো সীতা আর পাওয়া যাবে না।” সম্প্রতি তাদের আসন্ন যৌথ ছবি ‘ওএম’-এর একটি প্রি-রিলিজ অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন অভিনেতা।
ছবির কাস্টিং ও সীতা চরিত্রে সাই পল্লবীর অভিনয় নিয়ে চারপাশের অযাচিত শোরগোল ও সমালোচনার বিষয়টি কিছুতেই বুঝতে পারছেন না বলে জানান ধানুশ। তিনি বলেন, “সীতার চরিত্রে তাঁর অভিনয় নিয়ে এত শোরগোল হচ্ছে কেন, তা আমি সত্যিই বুঝতে পারছি না। শুটিংয়ের বিরতির সময়ও সাই নিয়মিত প্রার্থনা করতেন। ঈশ্বরের প্রতি তাঁর গভীর ভক্তি এবং অত্যন্ত নির্মল একটি হৃদয় রয়েছে। তিনি যেমন দেখতে সুন্দর, তেমনই একজন অসাধারণ অভিনেত্রী।”
এর আগে ‘মারি ২’ ছবিতে সাই পল্লবীর সঙ্গে প্রথম কাজ করার স্মৃতি রোমন্থন করেন ধানুশ। তাঁর মতে, গত নয় বছরের ব্যবধানে অভিনেত্রী হিসেবে সাই পল্লবী নিজেকে অনেক দূর নিয়ে গেছেন এবং তাঁর মাঝে দারুণ পরিবর্তন এসেছে। প্রথমবার যখন তাঁদের দেখা হয়েছিল, তখন সাই বেশ চুপচাপ ও লাজুক স্বভাবের ছিলেন। কিন্তু আসন্ন ‘ওএম’ ছবির সেটে তাঁর আত্মবিশ্বাস ও কাজের নিখুঁত দক্ষতা দেখে রীতিমতো অবাক হয়েছেন ধানুশ।
আসন্ন ‘ওএম’ ছবিতে সাই পল্লবীকে একজন সিবিআই কর্মকর্তা ‘নিত্যা রেড্ডি’র চরিত্রে দেখা যাবে। অবৈধ রক্তচন্দন কাঠের ব্যবসার রোমাঞ্চকর তদন্তের দায়িত্ব থাকে তাঁর কাঁধে। এই ছবিতে ধানুশ ছাড়াও কিংবদন্তি অভিনেতা মামুটিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে অত্যন্ত কঠিন একটি চরিত্র সাহসিকতার সঙ্গে ফুটিয়ে তোলার জন্য সাই পল্লবীর ভূয়সী প্রশংসা করেছেন ধানুশ।
উল্লেখ্য, নীতেশ তিওয়ারির গ্র্যান্ড প্রজেক্ট ‘রামায়ণ’-এ সাই পল্লবীর সঙ্গে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় ইয়াশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল। ছবিটির প্রথম পর্ব গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মাঝে দারুণ আলোচনার সৃষ্টি করেছে।