ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে কাজ কিছুটা কম করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরের মতোই সরব তিনি। কাজের পাশাপাশি সমাজের নানামুখী বিষয় এবং সহকর্মীদের নিয়ে অকপট মতামত দিতে দ্বিধা করেন না এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশের একঝাঁক গুণী ও রুচিশীল অভিনেত্রীকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। পোস্টের শুরুতেই ফারিয়া ক্ষোভের সুর ধরে লিখেছেন, দেশে এমন অনেক অভিনেত্রী আছেন যারা কেবল অভিনয়টাই মন দিয়ে করেন এবং অপ্রয়োজনীয় কোনো ‘এন্টারটেইনমেন্ট’ তৈরি করেন না। আর সে কারণেই হয়তো তাদের প্রতি সাধারণ দর্শকের আগ্রহও কিছুটা কম। নিজের পছন্দের শীর্ষ তারকা হিসেবে জয়া আহসানের প্রশংসা করে ফারিয়া লেখেন, জয়া আহসান রূপে, অভিনয়ে এবং ব্যবহারে অসম্ভব সুন্দর। অভিনয়ের বাইরে তাঁর পোশ্য, গাছপালা ও বাগানবাড়ি রয়েছে। ফ্যাশন সচেতনদের উদ্দেশ্যে ফারিয়া মন্তব্য করেন, জয়া আহসানের ব্যাগ, ঘড়ি ও জামদানির কালেকশন সত্যিই চোখ ধাঁধানো। তিনি সানজিদা প্রীতির প্রশংসা করে লিখেছেন, ‘অভিনয় করবার আগে আমি দুইটা সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম ৬৯ আরেকটার নাম স্পর্শের বাইরে, সেই স্পর্শের বাইরের প্রোটাগনিস্ট সানজিদা প্রিতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যরিয়ারের শুরুতেই আমার কলিংবেল নামের একটা সিরিজে অনেকদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনও প্রয়োজনের বাইরে তাকে কথা বলতে দেখিনি।’ নিজ জেনারেশনের একমাত্র অভিনেত্রী হিসেবে মৌসুমি হামিদের প্রতি তার বিশেষ ভালোলাগার কথা জানিয়ে ফারিয়া লেখেন, “আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী যার অভিনয় দেখলে আমার মনে হয় ‘ইশ আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম’, মৌসুমী হামিদ, অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং তার অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।” নাজিয়া হক অর্শার চোখের ভাষার প্রশংসা করে তিনি সুবর্ণা মুস্তাফার পর অর্শাকেই সেই বিরল দক্ষতার অধিকারী বলে উল্লেখ করেন। আরও পড়ুন তৃতীয় বিয়েও ভাঙল দক্ষিণী তারকা পবন কল্যাণের ১০ নভেম্বর ২০২৬ একটি নাটকের শিডিউল সংক্রান্ত পুরোনো ঘটনার কথা টেনে ফারিয়া বিনয়ের সঙ্গে স্বীকার করেন, ‘কয়েকবছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলে, শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে করতে হওয়ায় করতে পারিনি, সেই নাটকটা অর্শা আপু করেছিল, নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভাল হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে, অর্শা আপু যা করেছে ঐ নাটকে , আমি করলে এই চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’ ফিটনেস ও ফ্যাশন সেন্সের জন্য বিন্দুকে ঢালিউডের অন্যতম সেরা উল্লেখ করে ফারিয়া বলেন, বিন্দু জানেন কোথায় কতটুকু বলতে হয় ও কী পরতে হয়। এ ছাড়া ছোটবেলা থেকেই ঈশিতা তার প্রিয় অভিনেত্রী জানিয়ে লেখেন, ঈশিতা যাই করেন না কেন, তা-ই তার ভালো লাগে। এই তালিকা ছাড়াও বিপাশা হায়াৎ, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম ও নাজিফা তুষির অভিনয় দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। পোস্টের শেষে আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করে ফারিয়া লেখেন, জামার দাম বা বাহ্যিক প্রচারণার বাইরেও আমাদের দেশে অত্যন্ত বুদ্ধিমতি, সুন্দর কথা বলা ও রুচিশীল অনেক অভিনেত্রী রয়েছেন। কিন্তু দর্শকরা মেতে থাকেন ফালতু বিষয় নিয়ে, যার ফলে মনে হয় শিল্পাঙ্গনে হয়তো ফালতুদেরই জয়জয়কার। অথচ বাস্তব চিত্রটি এমন হওয়ার কথা ছিল না।