বাবার নিখোঁজ সংবাদ নিয়ে চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। অসুস্থ বাবাকে খুঁজে পেতে দেশের সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও আকুল পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে মেঘলা মুক্তা লিখেছেন, জরুরি ভিত্তিতে তার বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা প্রয়োজন। তার বাবা গতকাল রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তিনি মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন। এরপর থেকেই তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। প্রায় সাত ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও তিনি এখনো বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে উৎকণ্ঠার কথা জানিয়ে অভিনেত্রী উল্লেখ করেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তার বাবা ভীষণ অসুস্থ। শারীরিক এই অবস্থাকে কেন্দ্র করে পুরো পরিবার অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আরও পড়ুন প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কারিনা! ১০ নভেম্বর ২০২৬ এরই মধ্যে উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, তবে কোথাও তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর দ্রুত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তার ছবি সংশ্লিষ্ট থানা ও বিভিন্ন স্থানে প্রচার করা হয়েছে। তবুও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়ে মেঘলা মুক্তা লিখেছেন, কেউ যদি তার বাবাকে কোথাও দেখে থাকেন, সন্ধান পান কিংবা সামান্য কোনো তথ্যও জানেন, তবে যেন দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবার সূত্রে জানা যায়, উত্তরখানে তাদের একটি নির্মাণাধীন কাজ রয়েছে, যা তদারকি করতে মেঘলার বাবা প্রতিদিন সেখানে যান। গতকাল সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন। কাজ শেষ করে রাত আটটার দিকে তিনি উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন।