আসন্ন শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যে চাঙা রাখতে দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার সময়সীমা ১ ঘণ্টা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রাত ৮টায় বন্ধ না করে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা বলছে সংগঠনটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক চিঠিও। আজ রবিবার দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত আবেদনে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতির কারণে বর্তমানে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেনাবেচা। ক্রেতার অভাবে ঢাকার দুটি প্রধান বিপণিবিতান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ঝুঁকিতে আরও কয়েকটি বিপণিবিতান। আরও পড়ুন সারা দেশে ৪ দিন থাকবে গ্যাসের স্বল্পচাপ ০১ নভেম্বর ২০২৬ ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে আছেন উল্লেখ করে সংগঠনটি বলছে, দেশে বর্তমানে বিদ্যুৎ সংকট কিছুটা কমেছে। সামনে শীত মৌসুম, যা খুচরা ব্যবসার জন্য অনুকূল সময়। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকার জন্য সময়সীমা বাড়ানো প্রয়োজন। চলতি বছর জ্বালানিসংকটের প্রেক্ষাপটে মার্কেট, বিপণিবিতান ও দোকান বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এপ্রিলের শুরুতে সন্ধ্যা ৬টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবি মেনে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। আরও পড়ুন চা দোকানি থেকে উদ্যোক্তা আব্দুল আওয়াল ২৬ অক্টোবর ২০২৬ এরপর ঈদুল আজহা সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি মিলেছিল। জুনে সময়সীমা ঠিক করা হয় রাত ৯টা পর্যন্ত। যদিও ১২ আগস্ট আরও ১ ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। তখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা হচ্ছে। সর্বশেষ শারদীয় দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল।