অসুস্থ বাবাকে খুঁজে পাচ্ছেন না ঢালিউড ও মডেলিং জগতের পরিচিত মুখ মেঘলা মিজান মুক্তা। উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন তাঁর বাবা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। বাবার খোঁজ পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘলা লিখেছেন, ‘আমার বাবা আজ (সোমবার) রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা হন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তিনি আমাকে ফোন করেন। এরপর থেকে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু তিনি এখনো বাসায় ফিরেননি।’
উদ্বেগ প্রকাশ করে মেঘলা লেখেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমরা উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তাঁর ছবি সংশ্লিষ্ট থানায় ও বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। তারপরও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।’
ফেসবুক পোস্টে মেঘলা সবার কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তাঁর সন্ধান পেয়ে থাকেন কিংবা তাঁর সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য বা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে বড় ভূমিকা রাখতে পারে।
বাবার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি লেখেন, আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে ০১৮০৬৮৮৭৫৭০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মেঘলা।
প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মেঘলা মুক্তা পরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।