নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের পর গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে। ধারাবাহিক এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ নিয়ে মাঠে নামলেও নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। দল দুটির নেতারা বলছেন, কেন্দ্রের নির্দেশনা না থাকায় তারা মাঠে নামেননি। এদিকে মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন দশজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে রাত পৌনে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত নয়টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে ঘিওর বাসস্ট্যান্ডে একটি ও পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরেকটি বিস্ফোরিত হয়। সবশেষ রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।
এরপর মঙ্গলবার(১০ নভেম্বর)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা মিনিবাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। একই সঙ্গে বিভিন্ন স্থানে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তবে কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়নি।
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদল সব সময়ের মতো এখনো মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’
মাঠে না থাকার বিষয়ে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। নির্দেশনা পেলে অবশ্যই মাঠে থাকব।’
জেলা জামায়াতে ইসলামীর আমির কামরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় সংগঠন থেকে মাঠে থাকার বিষয়ে আমাদের কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা পেলে মাঠে থাকব। তবে জেলার নেতা-কর্মীদের কোনো ধরনের সমস্যা বা নাশকতার তথ্য জানা থাকলে তা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।’
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, পুলিশ, ডিবি তৎপরতা বাড়িয়েছে এবং সতর্ক আছে। ডিবি কাজ করতেছে অপরাধীদের ধরতে। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যারা নাশকতা গুলো করছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।