বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। গত সপ্তাহে প্রকাশিত ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ২০ বছর আগে ইসরায়েলকে একই ধরনের হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ। গত এক বছরে এ হার বেড়েছে ১০ শতাংশ।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, জরিপে বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হয়েছে রাশিয়া। দেশটিকে হুমকি মনে করেন ৮৯ শতাংশ উত্তরদাতা। এরপর রয়েছে ইসরায়েল (৭৮ শতাংশ), ইরান (৭৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (৭৪ শতাংশ), উত্তর কোরিয়া (৬৬ শতাংশ), চীন (৬২ শতাংশ) এবং সৌদি আরব (৩৪ শতাংশ)। গত এক বছরে হুমকি হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে উত্তর কোরিয়াকেও ছাড়িয়ে গেছে ইসরায়েল।
একই জরিপে যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৪ শতাংশ উত্তরদাতা। ২০২৪ সালে এই হার ছিল ৩৫ শতাংশ। অর্থাৎ দুই বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করা মানুষের হার দ্বিগুণেরও বেশি হয়েছে।
জরিপের ফলাফল বিশ্লেষণ করে ন্যাটসেন বলেছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতে সম্পৃক্ততার কারণে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, দুই দশক আগে ব্রিটিশদের অর্ধেকের সামান্য কম মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করতেন। ২০২৪ সালের শরৎকালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এই হার প্রায় ৭৫ শতাংশে পৌঁছায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অনুপ্রবেশের জবাবে ওই অভিযান শুরু করেছিল ইসরায়েল।
পরবর্তী সময়ে ২০২৪ সালের শরৎকালে এই হার কিছুটা কমে প্রায় দুই-তৃতীয়াংশে নেমে এলেও চলতি বছরের বসন্তে ইরানে ইসরায়েলের বোমা হামলার পর তা বেড়ে ৭৮ শতাংশে দাঁড়ায়।
ন্যাটসেনের মতে, যুক্তরাজ্যের কিছু মানুষ শুধু ইসরায়েলের নিজস্ব কর্মকাণ্ডের ভিত্তিতে দেশটিকে হুমকি হিসেবে দেখছেন না। বরং ইসরায়েলকে ঘিরে চলমান ঘটনাবলি বৃহত্তর আঞ্চলিক সংঘাত সৃষ্টি করতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলেও তাঁদের আশঙ্কা রয়েছে।
জরিপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্পর্কে ব্রিটিশদের দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক পরিচয়ভেদে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। কনজারভেটিভ ও রিফর্ম পার্টির সমর্থকদের তুলনায় লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির সমর্থকেরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করার ক্ষেত্রে বেশি এগিয়ে।
অন্যদিকে, চীন, উত্তর কোরিয়া ও ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করার প্রবণতা কনজারভেটিভ ও রিফর্ম পার্টির সমর্থকদের মধ্যে বেশি। গ্রিন পার্টি ও রিফর্ম পার্টির সমর্থকদের মধ্যে এই পার্থক্য সবচেয়ে বেশি। রিফর্ম পার্টির সমর্থকদের তুলনায় গ্রিন পার্টির সমর্থকদের মধ্যে ইসরায়েলকে হুমকি মনে করার হার ২৬ শতাংশ পয়েন্ট বেশি। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই ব্যবধান ৪৬ শতাংশ পয়েন্ট।
বিপরীতে, চীন, উত্তর কোরিয়া ও ইরানকে হুমকি মনে করার ক্ষেত্রে রিফর্ম পার্টির সমর্থকেরা গ্রিন পার্টির সমর্থকদের চেয়ে যথাক্রমে ২৯,৩০ ও ৩৫ শতাংশ পয়েন্ট এগিয়ে।
বয়সভেদেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্য পাওয়া গেছে। বয়স্ক প্রজন্মের তুলনায় তরুণ ব্রিটিশরা দেশ দুটিকে বিশ্বশান্তির জন্য বেশি হুমকি মনে করেন। জরিপের এ ফলাফলকে ব্রিটেনের ঐতিহ্যগত গণতান্ত্রিক মিত্রদের সম্পর্কে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ন্যাটসেন বলেছে, জরিপের ফলাফল সরকারের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগগত চ্যালেঞ্জ তৈরি করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের নীতি গ্রহণের বৈধতার জন্য জনসমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ার মতো তাৎক্ষণিক, দৃশ্যমান ও সহজে বোধগম্য হুমকির ক্ষেত্রে জনমতের মধ্যে সবচেয়ে বেশি ঐকমত্য রয়েছে। তবে চীনের মতো ধীরে ধীরে তৈরি হওয়া, প্রযুক্তিগতভাবে জটিল কিংবা কৌশলগতভাবে পরোক্ষ নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে বয়স ও রাজনৈতিক অবস্থান অনুযায়ী মানুষের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দীর্ঘদিনের মিত্ররাষ্ট্রগুলো যখন তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তখন জনমতের এই চিত্র আরও জটিল হয়ে ওঠে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।