1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড? নতুন ০০৭ সিনেমা সম্পর্কে যা জানা গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

২০০৬ সালে মুক্তি পাওয়া 'ক্যাসিনো রয়্যাল' চলচ্চিত্রে এক পানশালার কর্মী জেমস বন্ডকে জিজ্ঞেস করেছিলেন, তার ভদকা মার্টিনি পানীয়টি ঝাঁকিয়ে তৈরি করা হবে, নাকি নেড়ে তৈরি করা হবে। বিরক্ত হয়ে বন্ড উত্তর দিয়েছিলেন, 'আমাকে দেখে কি মনে হয়, এসব নিয়ে আমার মাথাব্যথা আছে?'

এ ধরনের সংলাপের মাধ্যমে দর্শকদের কাছে বুদ্ধিমত্তার সঙ্গে একটি বিষয় তুলে ধরা হয়েছিল। সেটি হলো, ০০৭ চরিত্রের জন্য নতুন একটি যুগের সূচনা হয়েছে। ১৯৬২ সালে শুরু হওয়া চলচ্চিত্র সিরিজটিতে ড্যানিয়েল ক্রেগের আগমনের মধ্য দিয়ে বড় ধরনের পরিবর্তন আসছে।

পরবর্তী কয়েকটি চলচ্চিত্রে প্রযোজকেরা অতীতের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সিরিজের কিছু অতিরঞ্জিত ও হাস্যকর উপাদান থেকে সরে আসার চেষ্টা করেন। বন্ড সিরিজের প্রচলিত সব রীতি ও বৈশিষ্ট্য আর কঠোরভাবে অনুসরণ করা হয়নি।

'স্কাইফল' চলচ্চিত্রে পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বন্ডকে এমনই একটি প্রশ্ন করেছিলেন বেন হুইশোর অভিনীত কিউ চরিত্র। তিনি বলেছিলেন, 'আপনি কি ভেবেছিলেন, আমরা বিস্ফোরক কলম দেব? আমরা এখন আর এসব ব্যবহার করি না।'

ড্যানিয়েল ক্রেগের অভিষেকের প্রায় দুই দশক পর আবারও নতুন করে শুরু হতে যাচ্ছে এই চলচ্চিত্র সিরিজ। এবার আসছেন নতুন একজন অভিনেতা। সেই সঙ্গে থাকছে নতুন নির্মাণ দল।

জেমস বন্ডের ভক্তদের জন্য এটি বেশ রোমাঞ্চকর সময়। কারণ, তারা অপেক্ষা করছেন সিরিজটির পরবর্তী অধ্যায় কেমন হবে, তা দেখার জন্য। এখন পর্যন্ত যা জানা গেছে, তা তুলে ধরা হলো।

নতুন জেমস বন্ড অভিনেতার নাম কবে ঘোষণা করা হবে?

দীর্ঘদিনের জল্পনার পর নতুন জেমস বন্ড নির্বাচনপ্রক্রিয়া এখন বেশ এগিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে নতুন জেমস বন্ড অভিনেতার নাম ঘোষণা করা হবে।

আগস্টে চলচ্চিত্রবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইনের সঙ্গে কথা বলার সময় প্রযোজক অ্যামি প্যাসকেল বলেছিলেন, 'আমার ধারণা, বছরের শেষ নাগাদ এ বিষয়ে ঘোষণা আসতে পারে। আমরা খুব সতর্কতার সঙ্গে এবং পরিকল্পিতভাবে এগোচ্ছি।'

জানা গেছে, অক্টোবরের শেষ দিকে অভিনেতাদের চূড়ান্ত অনস্ক্রিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে প্রযোজকদের সিদ্ধান্ত নিতে এবং নির্বাচিত অভিনেতার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে খুব বেশি সময় লাগার কথা নয়।

এরপর শুধু ঘোষণা দেওয়ার বিষয়টি বাকি থাকবে। আগের সময়ে জেমস বন্ড চরিত্রে নতুন অভিনেতাকে সাধারণত প্রচলিত আলোকচিত্র অধিবেশন বা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হতো।

তবে এখন এই চলচ্চিত্র সিরিজের মালিকানা অ্যামাজন এমজিএমের হাতে। তাই অনেকের ধারণা, প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ভিডিও সম্প্রচারমাধ্যম প্রাইম ভিডিওর মাধ্যমে নতুন অভিনেতার নাম ঘোষণা করতে পারে।

ব্রিটিশ চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় চরিত্রগুলোর একটি জেমস বন্ডের ভূমিকায় অভিনয়ের জন্য কয়েকজন অভিনেতা চূড়ান্ত অনস্ক্রিন পরীক্ষায় অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনজন অভিনেতা।

– জ্যাক লোডেন, বয়স ৩৬ বছর: তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'স্লো হর্সেস' ও 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস'।

– জশ ও'কনর, বয়স ৩৬ বছর: তিনি 'দ্য ক্রাউন' এবং 'ওয়েক আপ ডেড ম্যান: আ নাইভস আউট মিস্ট্রি'তে অভিনয় করেছেন।

– ক্যালাম টার্নার, বয়স ৩৬ বছর: তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'মাস্টার্স অব দ্য এয়ার' ও 'দ্য ক্যাপচার'।

এ ছাড়া আরও কয়েকজন অভিনেতার নামও আলোচনায় রয়েছে। তারা হলেন:

– জ্যাক ও'কনেল, বয়স ৩৬ বছর: 'স্কিনস' ও 'সিনার্স'। – জ্যাক বার্টন, বয়স ৩১ বছর: 'হার্টস্টপার' ও 'এসএএস: রগ হিরোস'। – জো অ্যালউইন, বয়স ৩৫ বছর: 'দ্য ব্রুটালিস্ট' ও 'হ্যামনেট'। – নিকোলাস হল্ট, বয়স ৩৬ বছর: 'অ্যাবাউট আ বয়' ও 'সুপারম্যান'। – রবার্ট প্যাটিনসন, বয়স ৪০ বছর: 'টোয়াইলাইট' ও 'দ্য ব্যাটম্যান'। – জ্যাকব এলর্ডি, বয়স ২৯ বছর: 'সল্টবার্ন' ও 'ইউফোরিয়া'। – পল মেসকাল, বয়স ৩০ বছর: 'নরমাল পিপল' ও 'গ্ল্যাডিয়েটর টু'।

তবে মনে রাখতে হবে, ২০০৫ সালে ড্যানিয়েল ক্রেগকে জেমস বন্ড হিসেবে বেছে নেওয়ার বিষয়টি অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। তাই আলোচনায় খুব একটা না থাকা অন্য কোনো অভিনেতাও শেষ পর্যন্ত এই চরিত্রের জন্য নির্বাচিত হতে পারেন।

নতুন জেমস বন্ড চলচ্চিত্র কবে মুক্তি পাবে?

ধারণা করা হচ্ছে, নতুন চলচ্চিত্রটির নির্মাণকাজ ২০২৭ সালে শুরু হবে। এরপর ২০২৮ সালে এটি মুক্তি পেতে পারে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

চলচ্চিত্র নির্মাণের সময়সূচি নানা কারণে পরিবর্তিত হতে পারে। তবে এটি স্পষ্ট যে নতুন চলচ্চিত্রের প্রস্তুতি ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। কারণ, পরিচালক ও চিত্রনাট্যকারের নাম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

এটি হবে জেমস বন্ডের আনুষ্ঠানিক চলচ্চিত্র সিরিজের ২৬তম সিনেমা। তবে চলচ্চিত্রটির নাম এখনো নিশ্চিত করা হয়নি।

নতুন জেমস বন্ড চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনায় কারা থাকছেন?

নতুন চলচ্চিত্রটি পরিচালনা করবেন ডেনি ভিলনেভ। তিনি 'প্রিজনার্স', 'সিকারিও', 'অ্যারাইভাল', 'ব্লেড রানার ২০৪৯' এবং টিমোথি শ্যালামে অভিনীত সাম্প্রতিক 'ডিউন' চলচ্চিত্র ত্রয়ীর জন্য পরিচিত।

গত বছর এই ফরাসি-কানাডীয় পরিচালক বলেছিলেন, 'চলচ্চিত্র দেখার বিষয়ে আমার শৈশবের প্রথম দিকের অনেক স্মৃতি ০০৭-এর সঙ্গে জড়িয়ে আছে। বাবার সঙ্গে আমি জেমস বন্ডের চলচ্চিত্র দেখেই বড় হয়েছি। শন কনারি অভিনীত 'ড. নো' থেকে শুরু করে বন্ডের সব চলচ্চিত্রই দেখেছি। আমি বন্ডের একনিষ্ঠ ভক্ত। আমার কাছে এই চরিত্র অত্যন্ত সম্মানের।'

তিনি আরও বলেন, 'আমি এই সিরিজের ঐতিহ্যকে সম্মান জানাতে চাই। একই সঙ্গে ভবিষ্যতে আরও অনেক নতুন অভিযানের পথ তৈরি করতে চাই। এটি আমার জন্য বিশাল দায়িত্ব। তবে একই সঙ্গে এটি অত্যন্ত রোমাঞ্চকর এবং আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।'

জেমস বন্ড সিরিজের ২৬তম চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। তিনি 'পিকি ব্লাইন্ডার্স' ও 'হাউস অব গিনেস'-এর মতো টেলিভিশন ধারাবাহিকের জন্য পরিচিত। এ ছাড়া 'বার্ন্ট', 'স্পেনসার', 'লক' এবং 'দ্য গার্ল ইন দ্য স্পাইডার্স ওয়েব' চলচ্চিত্রের চিত্রনাট্যও তার লেখা।

নাইট জানিয়েছেন, জেমস বন্ডের একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা সব সময়ই তার ইচ্ছার তালিকায় ছিল। এই সিরিজের সঙ্গে যুক্ত হওয়াকে তিনি 'রাজা ও দেশের প্রতি নিজের দায়িত্ব পালন' হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ