৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। পরে তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি। আরও পড়ুন তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি ১২ জুলাই ২০২৬ মামলায় অভিযোগ করা হয়, সানায়া আনাম ওয়াফিকাহ গত বছরের ২৭ নভেম্বর তানজীন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেন। এরপর বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের চাপ দেন অভিনেত্রী তিশা। এ নিয়ে গত বছরের ৭ নভেম্বর সানায়া আনামকে ফোন করে হুমকিও দেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, সানায়া আনামের প্রতারণার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদদুষ্ট হয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে গতকাল রবিবার মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিশা। বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন তিনি। আইনজীবী শুভ্র সিনহা রনি জানালেন, হুমকির পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সানায়া আনাম। তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন। তবে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলার করার পরামর্শ দেয়।