পরিবেশবান্ধবসহ টেকসই অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণে এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এ বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন এবং শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বাড়ানোর মতো প্রকল্পে অর্থায়নে ব্যবহার হবে।
আজ রোববার (২৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান গ্রিন বন্ড ইস্যুর এ ঘোষণা দিয়েছেন।
গ্রিন বন্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে প্রতিটি ১০ লাখ টাকা জানিয়ে তারেক রেফাত বলেন, এর বার্ষিক ডিসকাউন্ট রেট সাত দশমিক ৫০ শতাংশ। তিন মাসের জন্য প্রযোজ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ক্রয়মূল্য প্রায় আট লাখ চার হাজার ৮৬১ টাকা থেকে আট লাখ ১৯ হাজার ৯৫৭ টাকার মধ্যে হবে। চূড়ান্ত মূল্য নির্ধারণে প্রযোজ্য শর্ত ও হিসাব অনুসরণ করা হবে। বন্ডটি ১৫ নভেম্বর থেকে ইস্যু করা শুরু হবে। প্রথম ইস্যুর তারিখ থেকে তিন বছর পরের মেয়াদপূর্তি হবে। তবে বন্ডে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ হয়নি। বিনিয়োগের আবেদন গ্রহণের জন্য প্রতি বুধবার নির্ধারিত সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত আবেদন করা যাবে।
তি তারেক রেফাত উল্লাহ খান বলেন, নির্ধারিত দিন সরকারি ছুটি বা বাংলাদেশ ব্যাংকের ছুটির মধ্যে পড়লে তার আগের কার্যদিবসে আবেদন গ্রহণ করা হবে। ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ডটি করপোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান ও বিনিয়োগ সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। বিনিয়োগকারীরা কোম্পানির প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডসহ নির্ধারিত তহবিল থেকে প্রযোজ্য শর্তসাপেক্ষে বিনিয়োগ করতে পারবেন। বন্ডে বিনিয়োগ করতে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থাকা বাধ্যতামূলক। কোনো বিনিয়োগকারীর বিও হিসাব না থাকলে ব্র্যাক ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে সহায়তা করবে।