রাঙামাটির সাজেকে সৃষ্ট পরিস্থিতি সমাধানে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার হেডম্যান ও কারবারীদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং লংগদু হেডম্যান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কল্যাণ মিত্র চাকমা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
সভা শেষে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, 'আমরা আজকে রাঙামাটি জেলার হেডম্যান-কারবারীদের নিয়ে আলোচনা করেছি। সাজেকের সৃষ্ট ঘটনা সমাধানে হেডম্যান-কারবারীদের মাধ্যমে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামীকাল (সোমবার) সাজেকে যারা আন্দোলন করছে, তাদের সঙ্গে আলোচনায় বসবে। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচনার আয়োজন করবেন।'
তিনি আরও বলেন, 'আমরা একটা বিষয় জানতে পেরেছি, সাজেক এলাকাটি একসময় একটা আঞ্চলিক দলের নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে আরেকটি আঞ্চলিক দল ইন করেছে। এখন আগের আঞ্চলিক দলের দাবি হলো, বর্তমানে ইন করা আঞ্চলিক দলকে সাজেক এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বের করে দিতে হবে। এখন নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বের করে দিতে হলে উভয় দলকে বের করতে হবে। কারও দাবির মুখে কাউকে বের করে দেওয়ার সুযোগ নেই। কারণ উভয় সংগঠনই সশস্ত্র সংগঠন। এখন পুরো বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনী বিবেচনা করছে এবং সেখান থেকে সশস্ত্র দলগুলোকে সরানোর চেষ্টা করা হচ্ছে।'
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, 'সাজেকের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাই। সে কারণে একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এটা সমাধান হবে।'
মতবিনিময় সভায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন এবং জেলার অন্যান্য মৌজার হেডম্যান ও কারবারীরাও উপস্থিত ছিলেন।
সাজেকে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের ডাকে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে।
রোববার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, হাজাছড়া ও মাচালং ১৪ কিলো এলাকাসহ সড়কের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হচ্ছে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, 'চতুর্থ দিনের মতো আমাদের অবরোধ কর্মসূচি চলছে। সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, হাজাছড়া ও মাচালং ১৪ কিলোসহ সাজেক সড়কের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে শান্তিপূর্ণ অবরোধ পালন করা হচ্ছে। আমাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে।'
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, 'সাজেক সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।'
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.