1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কাজেমিরোর আরেকটি আত্মঘাতী গোল, ১৩ ম্যাচ পর গোল পেলেন না মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দ্বিতীয় আত্মঘাতী গোল করলেন কাজেমিরো, বদলি নেমে কিছু ঝলক দেখালেও দলের হার ঠেকাতে পারলেন না লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ম্যাচের শুরুর দিকেই কাজেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা দল প্রথমার্ধে সেই গোল পরিশোধের জন্য তেমন কিছু করতে পারল না। দ্বিতীয়ার্ধে মেসি নেমে কিছু ঝলক দেখালেও তা যথেষ্ট হলো না। উল্টো শেষ সময়ে হজম করতে হলো আরেকটি গোল।

মেজর লিগ সকারের ম্যাচটিতে ইন্টার মায়ামিকে ২-০ গোলে হারাল রেড বুলস নিউ ইয়র্ক। দলের এই পরাজয়ের ম্যাচে ক্লাব ও দেশের হয়ে টানা ১৩ ম্যাচ গোল করার পর থামল মেসির গোলের ধারা।

ম্যাচের প্রায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও লক্ষ্যে স্রেফ একটি শট রাখতে পারে মায়ামি। ৩৫ শতাংশ সময় বল রেখেও গোলেও ১৯টি শট নেয় রেড বুলস, এর সাতটি ছিল লক্ষ্যে।

নিউ ইয়র্কের হ্যারিসনে রেড বুলসের মাঠে সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। গোছানো আক্রমণ থেকে মায়ামির বক্সে ঢুকে ডান দিক থেকে গোল মুখে জুলিয়ান হলের দিকে ক্রস করেন হোর্হে রুভালকাবা। সেটি ঠেকানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন কাজেমিরো।

ইন্টার মায়ামিতে প্রথম মৌসুমে কাজেমিরোর দ্বিতীয় আত্মঘাতী গোল এটি। গত অগাস্টে নিজেদের জালে বল পাঠিয়েছিলেন তিনি কলম্বাস ক্রুর বিপক্ষে।

৫৬তম মিনিটে মেসিকে মাঠে নামান মায়ামি কোচ। ম্রিয়মান হয়ে থাকা দল তাতে উজ্জীবিত হয় কিছুটা। খেলায় বাড়ে ধার। দর্শকদের মুগ্ধ করার মতো চেনা কিছু জাদুকরী মুহূর্ত তিনি উপহার দেন। তবে সমতা ফেরাতে পারেনি মায়ামি। দারুণ এক সুযোগ অবশ্য এসেছিল তার সৌজন্যেই। ৮৪তম মিনিটে মায়ামি অধিনায়কের ডিফেন্সচেরা পাস থেকে সান্তিয়াগো মোরালেসের শট ফিরিয়ে দেন মায়ামি গোলকিপার। ফিরতি বলে তেলাস্কো সেগোভিয়ার শট ফিরে আসে ক্রসবাগে লেগে।

দারুণ কিছু সুযোগ পেয়েছিল রেড বুলসও। মায়ামি গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি তারা তিন দফায়। শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ একটি আক্রমণ থেকে জয় নিশ্চিত করেন এমিল ফর্সবার্গ।

মেসি এই ম্যাচে শুরু থেকে খেলতে পারেননি মূলত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে যাওয়ায়। মায়ামি কোচ কিলি গন্সালেস জানালেন, ভ্রমণ ক্লান্তিকে ভাবনায় রেখে আগে থেকেই ঠিক করা হয়েছিল সবকিছু।

“এই বিষয়ে আগেই সম্মতি দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই তাকে বেশ দীর্ঘ একটি ভ্রমণের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেখানে ছিল টাইম জোন পরিবর্তন, তাপমাত্রার তারতম্য এবং আরও অনেক বিষয় ছিল।

“আমরা এই সবকিছু সম্পর্কে পুরোপুরি অবগত ছিলাম এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে, তার যাতে কোনো সমস্যা না হয়, বিশেষ করে কোনো ধরনের আঘাত এড়ানোর জন্য এটাই ছিল সর্বোত্তম পন্থা, কারণ এই বুধবার আমাদের আরেকটি ম্যাচ আছে। লক্ষ্য ছিল সে যেন সেরে ওঠে এবং আজ কিছু সময় খেলার সুযোগ পায়; বরাবরের মতোই সে ভালো খেলেছে।”

মেসি বা কাজেমিরোর দিকে আঙুল না তুলে কোচ দায় নিলেন নিজের ওপরই। এই পরাজয়কে বললেন দলের জন্য শিক্ষাও।

“মাঝমাঠে আমাদের বলের নিয়ন্ত্রণ অনেক বেশি বদলে গেছে, নিজেদের গোলের দিকে মুখ করে অনেক বেশি পাস খেলেছি এবং পেছন থেকে আক্রমণ তৈরি করতে হিমশিম খেয়েছি। এর দায় আমাকেই নিতে হবে।

“বিরতির সময় আমি ছেলেদের বলেছিলাম, আমাদের খেলার মোড় ঘোরাতে হবে। আমরা কিছুটা উন্নতি করেছিলামও। তবে আমি অবশ্যই সন্তুষ্ট নই এবং ফুটবলাররাও নয়। কিন্তু এটা প্রয়োজনীয় একটা শিক্ষা, একটা সতর্কবার্তা যে, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, এটা যেন মুখে একটা চপেটাঘাত। আমরা নিশ্চিন্ত থাকতে পারি না।”

ইন্টার মায়ামি অবশ্য প্লেঅফসে খেলা নিশ্চিত করেছে আগেই। তবে এই পরাজয়ের পর তারা পয়েন্ট তালিকায় নেমে গেছে তিনে। দুইয়ে উঠে গেছে নিউ ইংল্যান্ড। ১৫ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে থাকা ন্যাশভিল নিশ্চিত করেছে সাপোর্টার্স শিল্ড জয় করা।

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে

প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ