কুঁচকির চোটে ভুগছেন দক্ষিণ আফ্রিকার গতিময় এই পেসার।
আনরিখ নরকিয়া। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে আনরিখ নরকিয়াকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। চোটের থাবায় কেপ টাউনে অনুষ্ঠেয় ম্যাচ থেকে ছিটকে গেছেন গতিময় এই পেসার।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দল শনিবার ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ছিটকে যাওয়া নরকিয়ার বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি স্বাগতিকরা।
ডারবানে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে বৃষ্টিতে প্রায় দুই দিন ভেসে যাওয়ার পরও দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়ে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
আগামী মঙ্গলবার শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী টেস্ট।
গত দুই টেস্টের একাদশে ছিলেন নরকিয়া। সিরিজের প্রথম ম্যাচ দিয়ে সাড়ে তিন বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নেমে দুই ইনিংসে দুটি করে উইকেট নেন তিনি। পরের টেস্টে চোট আঘাত হানে তার শরীরে। নিজের চতুর্থ ওভার করতে এসে তিন বল করে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার।
এরপর আর মাঠেই নামেননি নরকিয়া। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, কুঁচকির হালকা চোটে ভুগছেন এই ক্রিকেটার।
তৃতীয় টেস্টের দলে আর কোনো পরিবর্তন নেই। নরকিয়ার চোটে একাদশে ফিরতে পারেন কর্বিন বশ, জেরার্ড কুটসিয়া ও ডেন প্যাটারসনের মধ্যে কোনো একজন। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়া কাইল ভেরেইনা দলে জায়গা ধরে রেখেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরার্ড কুটসিয়া, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।
মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে
প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার
ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?