1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ভারতের কাছে বড় হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে একদমই সময় নিল না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। ফাইনালে ওঠার বাঁচা-মরার সমীকরণ সামনে রেখে চেনা আঙিনায় শুরু থেকেই চড়াও হয় স্বাগতিকেরা। আক্রমণভাগের গতি আর নিখুঁত নিশানায় মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক দল।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায় প্রথম ৩০ মিনিটেই। জমাট রক্ষণ আর ক্ষিপ্র প্রতি-আক্রমণে মালদ্বীপকে কোনো সুযোগই দেননি স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা। একের পর এক লক্ষ্যভেদে প্রথমার্ধেই ১৭–৫ ব্যবধানের বিশাল লিড নেয় বাংলাদেশ। বিরতির পর নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে তারা ১৫ গোল আদায় করে নিলে লড়াইটা কিছুটা জমজমাট রূপ পায়, তবে স্বাগতিকদের করা ১৬ গোল তাদের সেই ঘুরে দাঁড়ানোর সব পথ বন্ধ করে দেয়।

ডান দিক দিয়ে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে সানজিদা আক্তার একাই করেন সর্বোচ্চ ৮ গোল। এমন চোখধাঁধানো পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন তিনি। মিষ্টি খাতুন ও সাকিবা শাম্মী করেছেন ৪টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি করেছেন ৩ গোল। মালদ্বীপের হয়ে একা লড়ে ৯ গোল করেন ফাতিমাথ জুনা।

নেপালকে ৩৩–২০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৪৭–১৩ ব্যবধানে। তবে লিগ পর্বের শেষ ম্যাচে সেই ধাক্কা সামলে স্বরূপে ফিরেছে দল। অন্যদিকে দিনের অপর ম্যাচে নেপালকে ২৬–১১ গোলে হারিয়ে তিন ম্যাচের সব কটিতে জিতে অপরাজিত দল হিসেবে ফাইনালে পৌঁছেছে ভারত। আগামী পরশু বেলা ৩টায় শিরোপা নির্ধারণী ম্যাচে সেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে কাল দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কোর্টে নামবে নেপাল ও মালদ্বীপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ