গেবেখা টেস্টে প্রথম দিনে খেলা হতে পারল মোটে ১২.২ ওভার, শুরুতে দুটি উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
একাদশে ফিরেই জ্বলে উঠেছেন স্কট বোল্যান্ড। ছবি: অস্ট্রেলিয়া মেন’স ক্রিকেট টিম ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
মেডেন ওভার নিয়ে বোলিং শুরু। দ্বিতীয় ওভারেও দিলেন না কোনো রান, সঙ্গে পরপর দুই বলে নিলেন দুটি উইকেট। একাদশে ফিরে বল হাতে প্রভাব রাখতে বেশি সময় নিলেন না স্কট বোল্যান্ড। তবে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে আর খুব বেশি বোলিংয়ের সুযোগ পেলেন না অস্ট্রেলিয়ার পেসার।
বিরূপ আবহাওয়ায় গেবেখা টেস্টে প্রথম দিনে খেলা হতে পেরেছে মোটে ১২.২ ওভার। ডারবান টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে আছে দক্ষিণ আফ্রিকা।
বোল্যান্ড টানা দুই বলে এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহ্যামকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। রোববার ৩.২ ওভারে দুই মেডেনে ৫ রানে তার শিকার ওই দুটি।
সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেমে যাওয়ায় টস হয় যথাসময়েই। টসের প্রায় ১৫ মিনিট আগেই স্পষ্ট হয়ে যায়, অস্ট্রেলিয়া তাদের বোলিং আক্রমণে কেবল পেসারদেরই রাখার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাথান লায়নকে তখন মাঠের চারপাশে হাঁটতে দেখা যায়, আর বোল্যান্ড ওয়ার্ম-আপ করছিলেন এবং রান-আপের দূরত্ব মেপে নিচ্ছিলেন-যেখানে তাকে ফিতা দিয়ে মেপে সাহায্য করছিলেন লায়ন।
২০১৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার লাল বলের কোনো টেস্টে একাদশে জায়গা পেলেন না অভিজ্ঞ এই স্পিনার। গত বছর জ্যামাইকা ও ব্রিজবেনে দুটি গোলাপি বলের টেস্ট থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল, যে সিদ্ধান্তগুলো তিনি মোটেও ভালোভাবে নেননি তখন।
দক্ষিণ আফ্রিকার একাদশে অনুমিতভাবে ফিরেছেন কাগিসো রাবাদা, তাকে জায়গা দিতে কেশাভ মহারাজকে বাইরে যেতে হয়েছে। স্বাগতিকরা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে রেখেছে সাইমন হার্মারকে।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকাকে, তবে বৃষ্টি ফিরে আসায় খেলা শুরু হতে দেরি হয় ৯০ মিনিট। এরপর ৫.৩ ওভার খেলা হওয়ার পরই আবারও বৃষ্টি নামলে লাঞ্চ বিরতি নেওয়া হয় আগেভাগে।
বোলিংয়ে মিচেল স্টার্ক শুরুতে কিছুটা সংগ্রাম করছিলেন। খেলা পুনরায় শুরু হলে আক্রমণে আনা হয় বোল্যান্ডকে। দ্বিতীয় বলে অল্পের জন্য উইকেট পাননি তিনি, বলটি অভিষিক্ত মার্কাস অ্যাকারম্যানের ব্যাটের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। মেডেন নিয়ে শেষ হয় বোল্যান্ডের প্রথম ওভার।
নিজের পরের ওভারের চতুর্থ বলে সাফল্য পান বোল্যান্ড। সামনের পায়ে খেলতে গিয়ে ঠিকমতো পারেননি মার্করাম। বলটি ভেতরে ঢুকে তার ব্যাটের কানায় লেগে উপড়ে ফেলে মিডল স্টাম্প।
পরের বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। বেডিংহ্যাম শরীর থেকে দূরে ব্যাট চালিয়ে ধরা পড়েন কিপারের গ্লাভসে। হ্যাটট্রিক ডেলিভারিতে এলবিডব্লিউয়ের আবেদন হলেও তা তৎক্ষণাৎ স্তিমিত হয়ে যায়। বলটি টেম্বা বাভুমার ব্যাটে লেগে প্যাডে আঘাত করেছিল।
ওই ওভার শেষে ৩৭ বছর বয়সি বোল্যান্ডের বোলিং ফিগার ২-২-০-২!
এরপর আর পূর্ণ চার ওভারও খেলা হতে পারেনি।
অভিষিক্ত অ্যাকারম্যানের প্রথম রানের দেখা পেতে লাগে ১৫ বল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে আগে কখনও ওপেন না করা ব্যাটসম্যান টেস্ট ম্যাচে এই দায়িত্ব পালন করতে নেমে ৩২ বলে ৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী অধিনায়ক বাভুমা।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২.২ ওভারে ২০/২ (মার্করাম ১১, অ্যাকারম্যান ৫*, বেডিংহ্যাম ০, বাভুমা ৪*; স্টার্ক ৩-১-১০-০, হেইজেলউড ৫-২-৩-০, বোল্যান্ড ৩.২-০-৫-২, কামিন্স ১-০-২-০)
জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী
অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা
মওদূদী কেন জিন্নাহবিরোধী-২: জিন্নাহবিরোধী মওদূদী, মওদূদীমুখী পাকিস্তান
ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং