বাংলাদেশে আবারও ফেরার আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশের দক্ষিণাঞ্চলে ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন অঞ্চলে ফুটবলের উন্নয়নে প্রকল্প নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে এসব কথা বলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘এবারের সফরটা খুবই স্বল্প সময়ের ছিল। তবে খুব শিগগিরই আবার আমাদের ফিরতে হবে। এ নিয়ে আমরা সভাপতির(তাবিথ আউয়াল) সঙ্গে আলোচনা করছি। দেশের দক্ষিণাঞ্চলে একটি ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠার দারুণ কিছু প্রকল্প রয়েছে। দেশের অন্যান্য অংশেও এমন প্রকল্প রয়েছে।’ বাংলাদেশকে বড় ও ফুটবলপ্রেমী দেশ উল্লেখ করে আবারও এখানে আসার আগ্রহ প্রকাশ করেন ইনফান্তিনো, ‘আপনারা জানেন, বাংলাদেশ একটি বিশাল দেশ এবং ফুটবলপ্রেমী দেশ। অবশ্যই আমি আবার ফিরে আসব। ফুটবলের উন্নয়নে আরও বড় প্রভাব রাখতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। সে জন্য খুব শিগগিরই সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে ভাবছি।’ এর আগে আজ দুপুরে মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ইনফান্তিনো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দরে তাদের সৌজন্য সাক্ষাৎও হয়। সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকায় থামেন ফিফা সভাপতি। ইনফান্তিনোর ভিডিও বার্তায় বাংলাদেশে ফুটবলের অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগের সম্ভাবনা উঠে এসেছে। তবে ট্রেনিং সেন্টার ও একাডেমি প্রতিষ্ঠার প্রকল্পগুলোর বাস্তবায়ন, সময়সূচি কিংবা অর্থায়ন নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।