লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১, বাংলাদেশের উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার গুলশান ক্লাব লিমিটেডের ক্রিস্টাল হল, লেভেল-৪-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লায়ন্স ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন নেতারাসহ জেলা ৩১৫ বি-১-এর দুই শতাধিক লায়ন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের জিএটি এরিয়া লিডার সিএ৬ কাজী সাইফুল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার, ক্যাবিনেট সেক্রেটারি ড. মুহিব শাহীন এবং অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার ডা. মোশায়েদ রহমান মুনসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন নেতারা।
অক্টোবর সেবা সপ্তাহের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায়, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত লায়ন নেতারা।
অনুষ্ঠানে অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার ডা. মোশায়েদ রহমান মুন তার বক্তব্যে মানবতার সেবায় লায়ন্স পরিবারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বিশ্বব্যাপী অসহায় ও নিপীড়িত মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। যেখানেই মানবতা বঞ্চিত, সেখানেই আমাদের সেবা পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, মানবতার কল্যাণে লায়ন্স সদস্যদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
ডা. মোশায়েদ রহমান মুন মানবতার সেবায় লায়ন্স পরিবারের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার মতে, মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবার মূল সার্থকতা।
অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ এবং নিঃস্বার্থ সেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে শেষ হয়।