এ নিয়ে পরপর দুই সিরিজে লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
যাত্রা শুরুর আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ত্রিদেশীয় সিরিজে খেলা হবে না লিটন কুমার দাসের। নিতম্বের চোটে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবারের ম্যাচে টসের সময় সিকান্দার রাজার সঙ্গে তাওহিদ হৃদয়কে দেখেই তৈরি হয়েছিল কৌতূহল। লিটন কেন নেই, এমন প্রশ্নে চোট সমস্যার কথা জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
পরে এক ভিডিওবার্তায় পুরো সিরিজ থেকেই লিটনের ছিটকে যাওয়ার কথা বলেন বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
“লিটন কুমার দাস গতকাল (শুক্রবার) ডান নিতম্বের জয়েন্টে একটা অভিযোগ করার কারণে একটা এমআরআই করিয়েছি। এমআরআই রিপোর্টে এসেছে যে ওর একটু সমস্যা আছে।
“আজকে (শনিবার) তারপরও একটু চেষ্টা করেছিল ফিটনেস টেস্টের, চেষ্টা করছে যে পারা যায় কিনা। তো সে এভেইলেবল না। যতটুকু মানদণ্ড আছে… আমরা যতটুকু চাই, সেটিতে পৌঁছাতে পারেনি সে। তাই এই সিরিজে তার খেলা হবে না।”
সংযুক্ত আরব আমিরাতে এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরুর কথা ছিল লিটনের। চোটের ধাক্কায় পিছিয়ে গেল সেটি। তার অনুপস্থিতিতে এই সংস্করণে বাংলাদেশের ১৮তম অধিনায়ক হয়ে গেলেন হৃদয়।
এ নিয়ে পরপর দুই সিরিজে লিটনকে পেল না বাংলাদেশ। গত জুলাইয়ে চোটের কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজেও খেলা হয়নি অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের।
এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশের একাদশে নেই মেহেদী হাসান মিরাজ। বায়েজিদুল জানিয়েছেন, গত তিন দিন ধরে জ্বরে ভুগছেন অভিজ্ঞ অলরাউন্ডার। তাই আপাতত প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং
অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত
মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?