দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বাংলাদেশ বিস্তারিত তথ্য চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, এ বিষয়ে আগে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবে বাংলাদেশের মিশনকে কিছু জানানো হয়নি।
আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, বিশেষ করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর। রিয়াদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।
বিচারের আগে বাংলাদেশকে না জানিয়ে সৌদি আরব কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন (ভিসিসিআর) লঙ্ঘন করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সরকার এখনো এ ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পায়নি।
শামা ওবায়েদ বলেন, কখন বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা আমাদের মিশনকে জানানো হয়নি। কেন তাদের জানানো হয়নি, সে বিষয়ে এ পর্যায়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, সৌদি সরকার এখনো আমাদের পূর্ণাঙ্গ তথ্য দেয়নি। তথ্য পাওয়ার পর আরও স্পষ্টভাবে জানাতে পারব।
তিনি আরও বলেন, ১৪ অক্টোবর দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে পারে বাংলাদেশ। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবে বাংলাদেশের মিশনকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তাই সৌদি সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে মন্ত্রণালয়।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং দেশটির আইন অনুযায়ী গুরুতর অপরাধের শাস্তি কার্যকর করা হয়। তবে এ বিষয়ে আরও মন্তব্যের আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের পাঠানো বার্তায় জানা গেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন দুই বাংলাদেশি, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই দুই বাংলাদেশির পরিচয় ও মামলার আরও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব ও বাংলাদেশ উভয় দেশেই এ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রক্রিয়াধীন।
‘সৌদি আরব সরকারের কাছ থেকে প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারব, অর্থাৎ কীভাবে ও কখন তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়’, বলেন তিনি।