চলচ্চিত্র জগৎতে পা রাখতেই আলোচনা তৈরি করেছিলেন তেলুগু অভিনেত্রী নীতি টেলর। তবে মাত্র তিনটি সিনেমা করেই ক্যারিয়ারের ইতি টেনেছিলন তিনি। দীর্ঘদিন পর এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন টেলর।
সম্প্রতি ‘হাউটারফ্লাই’ এর একটি অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছেন, এক পরিচালকের কাছে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতাই তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে দিয়েছিল।
নীতি বলেছেন, আমার সঙ্গে প্রথম ছবিটি যিনি করেছিলেন, সেই পরিচালক ছবির কাজ শেষ হওয়ার পর আমাকে আরেকটি ছবির জন্য ফোন করেন। তারপর তিনি বলেন, তবে এবার ছবিটা করতে হলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে। এরপর আমি শুধু ফোনটা কেটে দিই, তার নম্বর ব্লক করে দিই। তারপর মাকে ফোন করে বলি, ভাবো তো, ওই বুড়ো লোকটা এমন কথা বলছে!
নীতি বলেন, আমি তাকে অন্য মেয়েদের সঙ্গেও দেখেছিলাম। কিন্তু কখনও তিনি আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা করবেন, তা বুঝতে পারিনি। সেই ঘটনার পরই আমি সিদ্ধান্ত নিই, জীবনে আর কখনও কোনও সিনেমায় কাজ করব না।
অভিনেত্রী জানান, আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। শুধু তার নম্বর ব্লক করেছিলাম। কাউকে কিছু বলিনি, কারণ কী ঘটেছে, তা বুঝে উঠতেই পারছিলাম না।
১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’ এর মাধ্যমে টেলিভিশনে অভিনয়জীবন শুরু করেন নীতি। তবে ২০১৪ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর একাধিক টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন তিনি।
তাকে শেষ দেখা গেছে ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’ ধারাবাহিকে। সম্প্রতি রিয়্যালিটি শো অ্যালায়েন্স-এও অংশ নিয়েছিলেন নীতি। সেখানে তিনি সেমিফাইনালিস্ট হয়েছিলেন। শোয়ের বিজয়ী হন মিনি মাথুর।