ভাইরাসজনিত গুরুতর অসুস্থতায় রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। গত ১৩ দিন ধরে হাসপাতালে রয়েছেন তিনি। তবে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন এই অভিনেত্রী।
গত সোমবার হাসপাতালে খালেদা আক্তার কল্পনাকে দেখতে যান অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো এবং সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার। এ সময় তাঁরা অভিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ইমরান বলেন, ‘ভাইরাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কল্পনা আপা। এখন অনেকটাই সুস্থ তিনি। ডাক্তার জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন তিনি।’
এদিকে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা।
সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।
চলচ্চিত্রজগতে ৩৭ বছরের ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা। কাজের স্বীকৃতিতে সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বর্তমানে অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। মাঝেমধ্যে নাটকে দেখা যায় তাঁকে। সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা।