গোয়াইনঘাটে ৩০ লাখ টাকা ছিনতাইয়ে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
রোববার ভোরের দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল।
নিহত বদরুল আলম (৩৩) হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি স্থানীয় ব্যবসায়ী এবং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঘটনার সময় তার সঙ্গে থাকা আহত সাদেক হোসেন বলেন, তারা রাতে মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একদল লোক তাদের গতিপথ রোধ করে। টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে বাধা দিলে দা-চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বদরুল মারা যান।
সাদেকের দাবি, হামলায় স্থানীয় গোরাগ্রামের শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫) ও সুহিন আহমদ (২৩) এবং উপরগ্রাম গ্রামের নোমান আহমদ জড়িত ছিলেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সোনা মিয়া বলেন, সাদেকের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে বদরুলের ওপর হামলা করতে দেখেন। বাধা দেওয়ার চেষ্টা করেও তাদের থামাতে পারেননি। পরে বদরুল ও সাদেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।
টাকার বিষয়ে কিছু জানেন না জানিয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তাজমিন হত্যা: ভিকটিম ব্লেমিং বন্ধ করে হত্যাকারীর বিচার চান
‘তৌফিক ইমরোজ খালিদীর আত্মকথা’ লিখতে চেয়েছিলাম
তৌফিক ইমরোজ খালিদী ও মুক্ত সংবাদমাধ্যমের অসমাপ্ত লড়াই
কেন রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে ‘রঠা’কে নিষিদ্ধ করা জরুরি?