পরিচালকের অপেশাদার আচরণ ও যোগাযোগের অভাবের কারণে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অধরা খান। সিনেমাটিতে যুক্ত হওয়াকে নিজের ক্যারিয়ারের বড় ‘ভুল’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এর ফলে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে এক দীর্ঘ বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। তিনি জানান, সিনেমাটি থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভক্ত ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।
অধরা জানান, শুটিং বা সহশিল্পীদের কাজে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে কারণেই এতদিন চুপ ছিলেন। কিন্তু এর জন্য তাকে বড় মূল্য দিতে হয়েছে। ‘ভায়োলেন্স’ সিনেমার শিডিউলের কারণে হলিউডসহ একাধিক আন্তর্জাতিক প্রজেক্টের প্রস্তাব তিনি হাতছাড়া করেছেন। চুক্তিগত বাধ্যবাধকতার কারণে প্রজেক্টগুলোর নাম প্রকাশ না করলেও, সময়মতো শিডিউল না মেলায় নিজের আন্তর্জাতিক এজেন্ট ও কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে সতর্কবার্তা পেতে হয়েছে তাকে।
অভিযোগ তুলে ধরে অভিনেত্রী বলেন, “সিনেমাটিতে আমার শুটিং শুরু হওয়ার মাত্র একদিন আগে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। চলচ্চিত্রে পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।”
বাংলা সিনেমার প্রতি ভালোবাসা থেকেই এই ছবিতে যুক্ত হয়েছিলেন জানিয়ে অধরা বলেন, “একজন শিল্পীর সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য রয়েছে। কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, বরং পেশাদার জায়গায় পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরতেই বিষয়টি সামনে এনেছি।”
উল্লেখ্য, কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমায় অভিনয় করছেন জায়েদ খান ও শিরিন শিলা।