লিওনেল মেসি না থাকলেও বিশ্ব ফুটবলে দাপুটে পথচলায় ছুটতে থাকবে আর্জেন্টিনা, বিশ্বাস কোচ লিওনেল স্কালোনির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আবেগের সুনামি উঠছে। ভালোবাসার তীব্র জোয়ার বইছে। হৃদয় ভাঙার ভূমিকম্প চলছে। লিওনেল মেসির বিদায়ে নানা অনুভূতির আলোড়ন চলছে ফুটবল বিশ্বজুড়ে। এসবের স্রোতে একটি প্রশ্ন, একটি সংশয়ের ধারাও বইছে। আর্জেন্টিনা দল কী থাকবে আর আগের মতো! কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, বিশ্বজয়ী সেনাপতিকে ছাড়াও জয়ের অভিযান ধরে রাখতে পারবে তার দল।
আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর ধরে ফুটবল বিশ্বের নানা প্রান্ত রাঙিয়ে, গোটা দুনিয়াকে জাদুতে মন্ত্রমুগ্ধ করে, ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করে, আলোর বিচ্ছুরণে জগত ভাসিয়ে অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়ে ইতি টেনেছেন অসাধারণ গৌরবময় এক পথচলার।
ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি উজ্জ্বল তো ক্লাব ক্যারিয়ারের শুরু থেকেই। আর্জেন্টিনার জার্সিতে একটা সময় তার পারফরম্যান্স ছিল ভালো-মন্দের মিশেল। সেই অধ্যায় পেছনে ফেলে তিনি দেশের হয়েও নিজেকে মেলে ধরেন দারুণভাবে। কিন্তু ট্রফির অপেক্ষা ঘুচতে সময় লেগে যায় অনেকটা।
সেই অপেক্ষার অবসান হয় তার হাত ধরেই। একটি ট্রফির জন্য আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষার পর দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসান তিনি দেশকে। আরও দুটি বিশ্বকাপের রানার্স আপ হওয়ার অর্জন তো ছিলই।
আর্জেন্টিনার এই সাফল্যময় পথচলার পুরোটাই ছিল মেসিময়। মেসিকে ঘিরে, মেসির জন্য, মেসির সৌজন্যেই। অনিবার্য প্রশ্নটিও তাই উঠছে। আর্জেন্টিনা কি বিশ্বের সেরা দলগুলোর মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি দিয়েগো মারাদোনার বিদায়ের পর বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরার মতো একটি দীর্ঘ শিরোপা খরা আসন্ন?
বিদায়বেলায় মাঠের নায়কের প্রতি আরেকবার ভালোবাসার অর্ঘ্য দিলেন এই সাফল্যযাত্রার নেপথ্য নায়ক স্কালোনি। পাশাপাশি কোচের স্থির বিশ্বাস, মহানায়ক না থাকলেও দল থাকবে পথেই।
“মেসি এমন কিছু রেখে যাচ্ছেন, যেসবের কোনো তুলনা নেই। আমাদের খেলা চালিয়ে যেতে হবে, কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতিটা ছিল অনন্য। ফুটবল মাঠে সে যা করে, তা অন্য কাউকে করতে দেখিনি এবং এটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।
“আর্জেন্টিনা জাতীয় দল টিকে থাকবে। আমরা শীর্ষ পর্যায়েই থাকব, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”
মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম বড় টুর্নামেন্ট হবে ২০২৮ কোপা আমেরিকা। স্কালোনি সেখানে থাকবেন কি না, সেই কৌতূহল চলছে। আর্জেন্টিনার সঙ্গে তার চার বছরের নতুন চুক্তি হতে পারে বলে আলোচনা আছে। তবে তিনি থাকবেন না, এমন গুঞ্জনও কম নেই।
আপাতত অবশ্য নিজের ভাবনায় না গিয়ে মেসিতেই বুঁদ ৪৮ বছর বয়সী কোচ।
“সে যখন থাকবে না, কেবল নস্টালজিয়ায়ই রয়ে যাবে। সে এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। সবার আগে আসে, সবার শেষে যায়… যেভাবে সে নিজের যত্ন নেয়, যেভাবে প্রতিটি খেলার জন্য তৈরি হয়…।
শুধু তার খেলা দেখেই বোঝা যায় যে, সে এক বিস্ময়। কিন্তু এসবের পেছনে এমন কিছু রয়েছে, যা তার সতীর্থরা দেখতে পায় এবং এসব ক্ষেত্রে সে সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। সে এমন কিছু রেখে গেছে, বা যাচ্ছে—যা তুলনাহীন।”
তৌফিক ইমরোজ খালিদীকে আমরা কতটা চিনি
এল চ্যাপো টু পিচ্চি রাজা: মাদকের টাকায় খুলে যায় কারাগারের তালা
কিশোর গ্যাং প্রতিরোধে দায়িত্ব নেবে কে?
মস্তিষ্কের অন্ধকারে আলোর ঝলক: ২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল